কক্সবাজার ভূমি অধিগ্রহণ (এলএ) শাখায় ‘দালালিতে জড়িত’ ১৩ ব্যক্তিকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এদের মধ্যে একজন আইনজীবীও রয়েছেন।

এরা হলেন- এহসানুল করিম, মহিবুল্লাহ, মো. তাজউদ্দিন, মো. মামুন, জালাল উদ্দিন, নুরুল ইসলাম বাহাদুর, এডভোকেট হোসাইন মোহাম্মদ শরীফ নোমান (নোমান শরীফ), মনজুর আলম, মো. নুরুল আবছার, সৈয়দ আকবর ও আবদুল মান্নান খান।

তাদের আগামী ১১ অক্টোবর সকাল ১০টায় দুদকের চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-২-এ হাজির হয়ে নিজেদের বক্তব্য উপস্থাপন করতে বলা হয়েছে।

গত ৫ অক্টোবর দুদকের চট্টগ্রাম সমন্বিত কার্যালয়ের উপ-সহকারী পরিচালক শরীফ উদ্দিন এই নোটিশ জারি করেন।

নোটিশ দেয়া এই ১৩ ‘দালালের’ বিরুদ্ধে অভিযোগ, তারা কক্সবাজার এলএ শাখায় কর্মরত সার্ভেয়ার ও সংশ্লিষ্টদের সঙ্গে যোগসাজশ করে কক্সবাজার জেলার অধিগ্রহণকৃত বিভিন্ন প্রকল্প থেকে ৯৩ লাখ ৬০ হাজার ১৫০ টাকা জমির মালিকদের কাছ থেকে ঘুষ ও দুনীতির মাধ্যমে আদায় করেছেন। তাদের বিরুদ্ধে অর্থপাচারেরও অভিযোগ আনা হয়েছে।

দুদক এর আগে ভূমি অধিগ্রহণ সংক্রান্ত দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে দুইজন সার্ভেয়ারকে আটক এবং কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান, পৌর কাউন্সিলর ওমর ছিদ্দিক লালু, সাবেক কাউন্সিলর জাবেদ মো. কায়সার নোবেল, মেয়র মুজিবুর রহমানের শ্যালক মিজানুর রহমানের ব্যাংক হিসাব জব্দ করেছে। এছাড়া কক্সবাজারে কর্মরত একজন সাংবাদিককের আয়কর রিটার্নও চাওয়া হয়েছে।