বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘জামায়াতে ইসলামী বাংলাদেশকে সামনে এগোতে দিতে চায় না। তারা দেশটাকে আফগানিস্তান বানাতে চায়, দেশটাকে পেছন দিকে নিয়ে যেতে চায়।’ গতকাল ঠাকুরগাঁওয়ে নিজ নির্বাচনী এলাকায় জনসংযোগকালে তিনি এ মন্তব্য করেন। ফখরুল আরো বলেন, ‘দেশে এখন ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের সুযোগ এসেছে। বিএনপি সব দলকে নিয়ে একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ চায় এবং সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে।’
মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, ‘জামায়াত নারীদের কাজ করতে দিতে চায় না, তারা চায় মেয়েরা যেন ঘরে বসে থাকে। যদি ঘরে বসে থাকে তবে তারা খাবে কী? কোনো সরকারই ঘরে বসিয়ে খাওয়াবে না। এসব মিথ্যা আশ্বাস।’
এ সময় জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট থেকে হওয়া পোস্ট বিষয়ে ফখরুল বলেন, ‘আমির যদি নারীবিদ্বেষী এমন মন্তব্য করে থাকেন, তবে তিনি অন্যায় করেছেন। বাংলাদেশে নারী-পুরুষ সমান তালে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ এবং পৃথিবীকে এগিয়ে নেবে। নারীরা এ দেশে সংখ্যার হিসাবে পুরুষের চেয়ে বেশি। তারা সম্পূর্ণ সমান অধিকার পাবেন, সম্মান পাবেন, যা জামায়াতে ইসলামী চায় না।’
ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ‘দেশ এখন আপনাদের হাতে, তাই সিদ্ধান্ত নিতে ভুল করা যাবে না।’









