গতকাল দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা তফাজ্জল হোসেন মানিক মিয়ার ৫৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি হলে মানিক মিয়া পরিষদ এ আলোচনা সভার আয়োজন করে।
এতে সভাপতিত্ব করেন মানিক মিয়া পরিষদের সভাপতি এমএ জলিল। প্রধান অতিথির বক্তব্য দেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আব্দুস সালাম। প্রধান আলোচক ছিলেন গণফোরামের সভাপতি মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন দেশীয় সাংস্কৃতিক পরিষদের সভাপতি অ্যাডভোকেট গৌরাঙ্গ চন্দ্র কর, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান মোস্তাক আহমেদ ভাসানী, দৈনিক মুক্ত খবরের যুগ্ম সম্পাদক সাংবাদিক কাজী ফারুক, সহকারী সম্পাদক আব্দুল গণি, জনতা সাংস্কৃতিক পরিষদের সভাপতি শেখ বাদশা উদ্দিন মিন্টু, মুক্তিযোদ্ধা আমিনুল হক ভূঁইয়া।
আব্দুস সালাম বলেন, ‘জাতির আগামীদিনের পথপ্রদর্শক হিসেবে কাজ করেছেন তফাজ্জল হোসেন মানিক মিয়া। তিনি স্বাধীন বাংলাদেশের পথপ্রদর্শন করার পাশাপাশি বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করেছেন।’
তিনি মানিক মিয়ার সাহসিকতাকে ধারণ করে বাংলাদেশকে বৈষম্যহীন, গণতান্ত্রিক আইনের শাসন ও পরিবেশবান্ধব দেশ হিসেবে গঠন করার আহ্বান জানান।
তিনি বলেন, ‘রাজনীতিতে আদর্শের পার্থক্য থাকবে কিন্তু দেশের প্রয়োজনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তবেই দেশ হবে উন্নত, সমৃদ্ধ, আইনের শাসনের এবং পরিবেশবান্ধব বাংলাদেশ।’










