বঙ্গোপসাগরের টেকনাফ উপকূল থেকে নৌকায় ভাসমান অবস্থায় ৩০ জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। উদ্ধার রোহিঙ্গারা কক্সবাজারের উখিয়া ও টেকনাফের বিভিন্ন আশ্রয় শিবিরের বাসিন্দা। দালালের খপ্পরে পড়ে রোহিঙ্গারা নৌকায় করে মালয়েশিয়া যাচ্ছিল।

উদ্ধার রোহিঙ্গাদের মধ্যে পাঁচজন শিশু, পাঁচজন পুরুষ ও ২০ জন নারী। এর মধ্যে ১৭ জন তরুণী। গতকাল বেলা ১টার দিকে উদ্ধার ৩০ রোহিঙ্গাকে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডিল এলাকায় প্রথমে কোস্ট গার্ডের হেফাজতে রাখা হয়। পরে সেখান থেকে এসব রোহিঙ্গাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উখিয়া ও টেকনাফের বিভিন্ন আশ্রয় শিবির থেকে দালালরা (মানব পাচারকারী) মালয়েশিয়ায় ভালো চাকরি ও তরুণীদের উপযুক্ত পাত্রের সঙ্গে বিয়ের প্রলোভন দিয়ে সমুদ্র উপকূলে জড়ো করে। তারপর মাছ ধরার ছোট ছোট নৌকায় তুলে সমুদ্রের মাঝপথে মাঝারি আকৃতির মাছ ধরার ট্রলারে তুলে দেয়। এ ট্রলার দিয়ে ৩০ রোহিঙ্গাকে গভীর সাগরে অপেক্ষমাণ আরেকটি বড় জাহাজে তুলে দেয়ার কথা ছিল। কিন্তু রোহিঙ্গাবোঝাই ট্রলারটি জলদস্যুদের কবলে পড়ায় জাহাজে পৌঁছানো সম্ভব হয়নি। ট্রলার নিয়ে জেলেরা সাগরে ভাসছিল। খবর পেয়ে কোস্ট গার্ড রোহিঙ্গাদের উদ্ধার করে টেকনাফ নিয়ে আসে।

উদ্ধার হওয়া রোহিঙ্গাদের মধ্যে এক নারী স্থানীয় পুলিশ ও কোস্ট গার্ড সদস্যদের বলেছেন, মালয়েশিয়ায় থাকা এক তরুণের সঙ্গে মুঠোফোনে তার বিয়ে হয়েছে এক মাস আগে। ট্রলারে উঠে সমুদ্রপথে তিনি ওই তরুণের (স্বামী) কাছে যাচ্ছিলেন। মালয়েশিয়ায় পৌঁছে দেয়ার জন্য দালালের হাতে ৩০ হাজার টাকা দিয়েছেন। কিন্তু জলদস্যুদের খপ্পরে পড়ে তাকে পুনরায় টেকনাফ ফিরে আসতে হয়েছে। কথিত স্বামীর সঙ্গে তার দেখাও হয়নি।

উদ্ধার আরেক রোহিঙ্গা মোস্তফা বলেন, উখিয়ার কুতুপালং ক্যাম্পের কয়েকজন মানব পাচারকারী দালাল ২০ থেকে ৩০ হাজার টাকা হাতিয়ে নিয়ে তাদের টেকনাফের সমুদ্র উপকূলে নিয়ে যায়। এরপর ছোট ছোট নৌকায় সাত থেকে আটজন বোঝাই করে বঙ্গোপসাগরের মধ্যে একটি মাছ ধরার ইঞ্জিন নৌকায় তুলে দেয়। নারী, পুরুষ, শিশুসহ ৩০ জন রোহিঙ্গা বোঝাই করে মাছ ধরার ট্রলারটি গভীর সাগরের দিকে যাচ্ছিল। সেখানে অপেক্ষমাণ ছিল চট্টগ্রাম বন্দরে আমদানি পণ্য নিয়ে থাইল্যান্ড থেকে আসা একটি বড় জাহাজ। তাদের সেই জাহাজে তুলে দেয়ার কথা ছিল। কিন্তু জাহাজে যাওয়ার আগে রোহিঙ্গাবাহী ট্রলারটি জলদস্যুদের খপ্পরে পড়ে। দস্যুরা রোহিঙ্গাদের নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে ইঞ্জিন বিকল করে ট্রলারটি সাগরে ভাসিয়ে দেয়। ট্রলার নিয়ে রোহিঙ্গারা সাগরে ভাসছিল কয়েক দিন। আজ (মঙ্গলবার) সকাল আটটার দিকে কোস্ট গার্ড ভাসমান ট্রলার থেকে রোহিঙ্গাদের উদ্ধার করে টেকনাফ উপকূলে নিয়ে আসে।