ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ও গণভোটের তারিখ ঘোষণাকে স্বাগত জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তফসিল ঘোষণার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গতকাল সন্ধ্যার পর দলটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

এ সময় নির্বাচনের তফসিল ঘোষণা করায় সরকার ও নির্বাচন কমিশনকে ধন্যবাদ ও স্বাগত জানিয়ে এ এনসিপি নেতা বলেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশ একটি সুন্দর নির্বাচন দেখতে যাচ্ছে। নির্বাচন আয়োজনে সরকার ও নির্বাচন কমিশনের সদিচ্ছা থাকলেও নিরপেক্ষতা ও স্বচ্ছতার অভাব রয়েছে। সুষ্ঠু নির্বাচন আয়োজনে পেশিশক্তি, অর্থের প্রভাব, গডফাদারের সংস্কৃতি রোধে নির্বাচন কমিশনের সক্ষমতা নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ রয়েছে। কমিশন দলীয় প্রভাবের বাইরে গিয়ে কতটুকু নিরপেক্ষ হতে পারবে, তা নিয়েও সন্দেহ রয়েছে।’

লটারির মাধ্যমে ডিসি নিয়োগকে অস্বচ্ছ প্রক্রিয়া উল্লেখ করে নাসীরুদ্দীন বলেন, ‘গণভোটের প্রশ্নগুলোর বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা সরকারের কাছে চেয়েছিলাম; কিন্তু পাইনি।’

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ‘ভোট কেন্দ্র জনগণের হোক; কোনো গুণ্ডা বাহিনী, সন্ত্রাসী ও চাঁদাবাজরা দখল না করুক। জনগণের ভোট কেন্দ্র জনগণই পাহারা দিক। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যথেষ্ট সক্ষমতা আমরা দেখতে পাচ্ছি না।’

এনসিপির মুখ্য সমন্বয়ক আরো বলেন, ‘বর্তমান নির্বাচন কমিশনকে আমরা পুনর্গঠনের দাবি জানিয়েছিলাম। কিন্তু তাদের অধীনেই নির্বাচন আয়োজিত হতে যাচ্ছে। প্রবাসী ভোটাধিকার নিশ্চিতসহ তারা অনেকগুলো উদ্যোগ নিয়েছে, সেগুলোকে আমরা স্বাগত জানাচ্ছি; কিন্তু তাদের সক্ষমতার প্রমাণ দিতে হবে।’

বিধি অনুযায়ী প্রচার-প্রচারণা ও নির্ধারিত নির্বাচনী ব্যয়সহ বিধিমালা মেনে রাজনৈতিক দলগুলোকে সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন আয়োজনে সরকার ও নির্বাচন কমিশনকে সহযোগিতার আহ্বান জানান তিনি।