গাইবান্ধায় দ্য ব্লু স্কাই চ্যারিটেবল ফাউন্ডেশনের আয়োজনে নারী স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়নের গোটিয়া গ্রামে এ কর্মশালা আয়োজন করা হয়। এ সময় এলাকার দুস্থ নারীদের স্তন ও জরায়ুমুখের ক্যান্সার বিষয়ে সচেতনতা, পরামর্শ ও চিকিৎসা দেয়া হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন অতিরিক্ত কর কমিশনার ও ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আয়েশা সিদ্দিকা শেলী। পরে ডা. মিতুল রহমান তানিয়া স্থানীয় নারীদের স্বাস্থ্য পরীক্ষাসহ চিকিৎসাপত্র দেন। সেই সঙ্গে প্রয়োজনীয় ওষুধও বিতরণ করা হয়। নারীদের ক্লিনিক্যাল স্তন পরীক্ষা করা হয় ও জরায়ুমুখের ক্যান্সার পরীক্ষার জন্য পরামর্শ দেয়া হয়।
দ্য ব্লু স্কাই চ্যারিটেবল ফাউন্ডেশন বাংলাদেশে স্তন ক্যান্সার আক্রান্ত নারীদের সচেতনতা বৃদ্ধি, পরামর্শ এবং চিকিৎসা সেবাদানের লক্ষ্যে সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করে ২০১৬ সালের ২৬ মে। এর পর থেকে প্রতিষ্ঠানটি স্বল্প সময়ের মধ্যে নারীদের স্তন ক্যান্সার বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য সেমিনার, স্তন ক্যান্সার সচেতনতা কর্মসূচি, ওয়ার্কশপ, বিভিন্ন লিফলেট বিতরণসহ নানা প্রচারণা চালিয়ে আসছে।










