প্রজনন মৌসুমে দুই মাস (মার্চ ও এপ্রিল) ইলিশ ধরা নিষেধাজ্ঞার সময় লক্ষ্মীপুরের মেঘনায় অভিযান চালিয়ে ৮০টি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করে কোস্টগার্ড। গতকাল দুপুরে মেঘনা পারে সাজুদ্দিন মোল্লার মাছঘাটে জব্দ ওই নৌকাগুলো নিলামে দেন ভ্রাম্যমাণ আদালত। নিলামে ৮০টি জেলে পরিবার অংশ নিয়ে অগ্রাধিকার ভিত্তিতে ফেরত পায় নৌকাগুলো।

উপজেলা মৎস্য কর্মকর্তা বেলায়েত হোসেন বলেন, রামগতি চর আলেকজান্ডার থেকে রায়পুর ও চাঁদপুরের ষাটনল পর্যন্ত মেঘনা নদীর ১০০ কিলোমিটার এলাকায় জাটকা সংরক্ষণের লক্ষ্যে মার্চ-এপ্রিল এ দুই মাস সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ছিল। নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের সময় ৮০টি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়। এ সময় প্রায় ৮ লাখ টাকা জরিমানা গুনতে হয় আটক জেলেদের। এদিকে জব্দ নৌকা নামমাত্র মূল্যে ফেরত পেয়ে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে ওই জেলে পরিবারগুলোর মাঝে।

এ সময় উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরীন চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) আক্তার জাহান সাথী, সিনিয়র মৎস্য কর্মকর্তা বেলায়েত হোসেন, দক্ষিণ চর আবাবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদ উল্যা, উত্তর চরবংশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন হাওলাদারসহ কোস্টগার্ডের কর্মকর্তারা।