কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা আশ্রয় ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের রোহিঙ্গার সংঘর্ষে ৪ জন নিহত হয়েছে।
আজ মঙ্গলবার রাতে এই তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. সামছুদ্দৌজা। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।
সামছুদ্দৌজা জানান, সন্ধ্যায় কুতুপালং ক্যাম্প-১ এ রোহিঙ্গাদের দুটি গ্রুপ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ পর্যন্ত চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
ঘটনাস্থলে সেনাবাহিনী, র্যাব, পুলিশ, এপিবিএন সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন বলে জানান তিনি।
সামছুদ্দৌজা আরো জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুতুপালং ক্যাম্পে নতুন ও পুরাতন রোহিঙ্গাদের মধ্যে গত কয়েকদিন ধরে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা চলছে। তার ধারাবাহিকতায় গত রোববার ও সোমবার তিন রোহিঙ্গা নিহত হন।
আজ সকালে র্যাব অভিযান চালিয়ে নয় রোহিঙ্গাকে অস্ত্র ও গুলিসহ আটক করে।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, এ পর্যন্ত চার জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের একজনের গলাকাটা ও অপর তিন জন গুলিবিদ্ধ।
সংঘর্ষে একজন আনসার সদস্য আহত হয়েছেন বলেও জানান তিনি।









