চট্টগ্রামের ফটিকছড়িতে দুর্বৃত্তের গুলিতে জামাল উদ্দিন নামে একজন নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন নাসির নামের একজন। শনিবার রাতে উপজেলার লেলাং ইউনিয়নের শাহনগর দিঘীরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জামাল উদ্দিন জামায়াতে ইসলামীর স্থানীয় রাজনীতির সঙ্গে জড়িত বলে জানিয়েছেন স্থানীয়রা।
পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার রাতে মোটরসাইকেলে করে যাওয়ার সময় কয়েকজন সশস্ত্র ব্যক্তি জামাল ও নাসিরকে লক্ষ্য করে গুলি করে দ্রুত পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলেই জামালের মৃত্যু হয় ও নাসির আহত হন। নাসিরকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সেখানে আটটি গুলির খোসা পাওয়া গেছে।’









