বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘২০২৪ সালের ৫ আগস্ট দেশের মানুষ বুক ভরে শ্বাস নিতে পেরেছে। মানুষ চায় সামনের দিনগুলো যেন ভালো হয়। দেশের ভালো পরিবর্তন প্রত্যাশা করে প্রতিটি নাগরিক। ৫ আগস্টের পর নিরপেক্ষ মানুষও বিএনপির কাছে ভালো কিছু পরিবর্তনের প্রত্যাশা করে। তাই দলের মধ্যে গণতান্ত্রিক চর্চা বাড়াতে হবে। আগামীতে গণতন্ত্রের ভিত ধীরে ধীরে শক্তিশালী করতে হবে। সরকারে গেলে গণতান্ত্রিক চর্চা করতে চাই।’
গতকাল রাজধানীতে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) জাতীয় সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘ড্যাবের কাউন্সিল প্রমাণ করে, রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতান্ত্রিক চর্চা নেই, কথাটি সত্য নয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র চালু করেছিলেন। খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্রের পথে দেশকে পরিচালিত করেছেন। তাই বর্তমান প্রজন্মের দায়িত্ব হচ্ছে সেই গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখা, ধীরে ধীরে তার ভিত শক্ত করা। আমরা স্থানীয় পর্যায় থেকে জাতীয় পর্যন্ত কাউন্সিলদের ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করার কাজ করছি। আজকের ড্যাবের নির্বাচনে ও আগামী দুদিন দুই জেলার কাউন্সিলে আমি নিজে অংশ নেব। গণতান্ত্রিক উপায়ে বিএনপি নেতৃত্ব তৈরি করবে।’
সরকারের সংস্কার বিষয়গুলো বিএনপির ৩১ দফায় বলা হয়েছে জানিয়ে তারেক রহমান বলেন, ‘রাষ্ট্র পুনর্গঠনে ৩১ দফা দিয়েছি আমরা। আজ সরকারে রাষ্ট্র সংস্কারের যে কথা বলছে, অনেকগুলো সংস্কার কমিটি গঠন করেছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসছে সেগুলো আমরা আড়াই বছর আগেই ৩১ দফায় বলেছি। সংস্কারের ৯৯ শতাংশই ওখানে উপস্থাপন করা হয়েছে। আগামী সরকার গঠন করতে পারলে সবাইকে সঙ্গে নিয়ে ৩১ দফা বাস্তবায়ন করব। বাস্তবায়নে সবার সহযোগিতা প্রয়োজন হবে। সব খাতের ছোট ছোট সহযোগিতায় দেশ গঠন করতে চাই। জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করতে পারলে ৩১ দফা বাস্তবায়ন করা হবে। ৩১ দফায় স্বাস্থ্য খাতের যে প্রস্তাবনা দেয়া হয়েছে সেটি বাস্তবায়নে চিকিৎসকদের সহযোগিতা করতে হবে।’
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলামও বক্তব্য রাখেন।










