চট্টগ্রামের সাতকানিয়ায় শ্রমিক সেজে বিভিন্ন এলাকায় অবস্থান করা ২২ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। তারা ক্যাম্প থেকে বের হয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নে কাজ করছিল।

শুক্রবার রাতে (২৮ নভেম্বর) সাতকানিয়া উপজেলা প্রশাসন ও থানা পুলিশ যৌথভাবে এ অভিযান চালায়। ছদাহা ইউনিয়ন ও কেওচিয়া ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।

প্রশাসন জানিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে প্রথমে ছদাহা ইউনিয়নে অভিযান চালানো হয়। সেখানে নির্মাণশ্রমিক হিসেবে কাজ করা ১০ রোহিঙ্গাকে আটক করা হয়। পরে কেওচিয়া ইউনিয়নের নয়া খালের মুখ এলাকায় ইটভাটায় কাজ করা আরো ১২ রোহিঙ্গাকে আটক করা হয়।

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান বলেন, রোহিঙ্গাদের অবস্থানের তথ্য পাওয়ার পর রাতেই অভিযান চালানো হয়। আটক ২২ জনকে রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।