চীনের শেনঝেন শহরে আগামী ১২ থেকে ২০ জুলাই অনুষ্ঠেয় 'আন্তর্জাতিক অর্থনীতি অলিম্পিয়াড ২০২৬'-এ অংশ নিচ্ছে বাংলাদেশের ৫ শিক্ষার্থী। আজ সোমবার জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে একটি সংবাদ সম্মেলন প্রতিনিধিত্ব করতে যাওয়া শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেয়া হয়।
বাংলাদেশ ইকোনমিকস অলিম্পিয়াডের (বিডিইও) অ্যাম্বাসেডর মনসুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিডিইওর চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান। অনুষ্ঠানে আরো ছিলেন অলিম্পিয়াডের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট আল আমিন পারভেজ এবং অলিম্পিয়াডের প্রধান পৃষ্ঠপোষক ব্র্যাক ও পূবালী ব্যাংকের প্রতিনিধিরা।
অনুষ্ঠানে বাংলাদেশ দলের সদস্যদের পরিচয় করিয়ে দেন ড. হোসেন জিল্লুর রহমান। তারা হলেন ফারাবিদ ইবনে ফয়সাল (মাস্টারমাইন্ড ইংলিশ মিডিয়াম স্কুল), ফারিহা তাসনিম (মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ), যাইফ ইবনে মোর্শেদ (মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ), প্রান্ত ঘোষ (মাস্টারমাইন্ড ইংলিশ মিডিয়াম স্কুল) ও ফাইয়াদ সালেহীন আহমেদ (স্কলাস্টিকা)
সংবাদ সম্মেলনে নির্বাচিত প্রতিযোগীরা আন্তর্জাতিক এ মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে তাদের উচ্ছ্বাস ও অনুভূতি ব্যক্ত করেন।
শিক্ষার্থীদের সঙ্গে দলনেতা ও পর্যবেক্ষক হিসেবে চীনে যাবেন বিডিইও কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট আল আমিন পারভেজ, সাধারণ সম্পাদক রাফিদ আবরার এবং হেড অব কমিউনিকেশন অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট আল আমিন রাকিব।










