গাইবান্ধা সদর উপজেলায় প্রতিকূল আবহাওয়ার কারণে রোগী বহনকারী হেলিকপ্টার জরুরি অবতরণ করেছে। রাজধানী থেকে ছেড়ে আসা হেলিকপ্টারটি রংপুর যাওয়ার সময় দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে একটি ইটভাটার সামনে নেমে পড়ে।

গতকাল বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকালে বল্লমঝাড় ইউনিয়নের খোলাবাড়ী এলাকায় হেলিকপ্টারটি জরুরি অবতরণ করে।

স্থানীয়রা জানান, গতকাল বিকালে হঠাৎ একটি হেলিকপ্টার গাইবান্ধা-সাদুল্লাপুর সড়কের খোলাবাড়ী এলাকার ইটভাটায় অবতরণ করে। এসময় গুঁড়িগুঁড়ি বৃষ্টি পড়ছিল। তবে অবতরণের ২৫ মিনিট পরেই সেটি রংপুরের উদ্দেশে ছেড়ে যায়।

হঠাৎ করে হেলিকপ্টার অবতরণের খবর ছড়িয়ে পড়লে সেটি এক নজর দেখতে ইটভাটা এলাকায় স্থানীয়রা ভিড় জমান।

বল্লমঝাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জুলফিকার রহমান বলেন, আকাশে মেঘে ও বৃষ্টির কারণে রোগী বহনকারী একটি এয়ার অ্যাম্বুলেন্স জরুরি ভিত্তিতে অবতরণ করে। ২৫ মিনিট অবস্থানের পর আবার চলে যায়।