তারেক রহমানের বিরুদ্ধে থাকা যাবতীয় মামলা শেষ হলেই তিনি দেশে ফিরবেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, লন্ডনে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে দেখা হয়েছে। এছাড়া প্রবাসী বাংলাদেশী এবং বিএনপির নেতাদের সঙ্গে কথা হয়েছে। তাদের সভায় যোগ দিয়েছি। সেখানের প্রেসের সঙ্গে আলোচনা হয়েছে। লন্ডনে আমার সফর ভালো ও ফলপ্রসূ হয়েছে।

তারেক রহমানের কাছ থেকে কী বার্তা এনেছেন জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বলেছেন, আপনারা (দেশবাসী) ধৈর্য ধরবেন। একটা বিশাল বিজয় এসেছে ছাত্র-জনতার আন্দোলনে। এই বিজয়কে ফলপ্রসূ ও সার্থক করতে হলে অবশ্যই সকলকে ধৈর্য ধরে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। গণতন্ত্রের প্রথম পদক্ষেপ নির্বাচনের জন্য সকলকে প্রস্তুতি নিতে হবে।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কবে নাগাদ ফিরতে পারেন জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, উনার বিরুদ্ধে আপনারা জানেন অনেক মিথ্যা-প্রতিহিংসামূলক মামলা রয়েছে। সেগুলো প্রত্যাহার হলে বা আদালতের মাধ্যমে শেষ হলে তিনি ফিরবেন।

বিএনপি মহাসচিব বলেন, অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারকে আমরা রাজনৈতিক দলগুলো সহযোগিতা করছি। আমরা প্রত্যাশা করি, ন্যূনতম যেসব সংস্কার জরুরি তা সম্পন্ন করে তারা নির্বাচন অনুষ্ঠানের পথে যাবেন।

বিমানবন্দরে বিএনপি মহাসচিবকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ফরহাদ হোসেন আজাদ, আবু মোহাম্মদ আহসান ফিরোজ, সাদী আহমেদ, মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

এর আগে বেলা ১২টা ৪৫ মিনিটে বাংলাদেশ বিমানের ফ্লাইটে হযরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছান তিনি। গত ৩০ নভেম্বর স্ত্রী রাহাত আরা বেগমকে নিয়ে বিএনপি মহাসচিব লন্ডন যান। লন্ডন অবস্থানকালে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং কয়েকটি স্থানীয় দলীয় কর্মসূচিতে অংশ নিয়েছেন। স্ত্রী রাহাত আরা বেগম লন্ডনে স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন এবং সংশ্লিষ্ট চিকিৎসকদের পরামর্শ নিয়েছেন।