সিলেটের জৈন্তাপুরে বিপুল পরিমাণ ভারতীয় রুপি, বাংলাদেশি টাকা ও ব্যাংকের ৩০ টি চেক বইসহ এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার কমলাবাড়ি গ্রামের কালা মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে নরসিংদী জেলার রায়পুর থানার দক্ষিণ মির্জাপুর গ্রামের বাসিন্দা মো: চান মিয়ার পুত্র আলী আহমদ (৩৫) ও তার স্ত্রী সাবিরুন নাহার (৩০)। এসময় তাদের কাছ থেকে ৮ লাখ ৫২ হাজার ভারতীয় রুপি, বাংলাদেশী মুদ্রা ১ লাখ ৬১ হাজার ৭শত ৭০ টাকা, উত্তরা ব্যাংকের ৩০ টি চেক বই উদ্ধার করা হয়।
জৈন্তাপুর থানার ওসি গোলাম দস্তগীর আহমেদ জানান, গ্রেফতারকৃত আলী আহমদ কয়েক বছর আগে জৈন্তাপুর উত্তরা ব্যাংকের অফিস সহকারী হিসেবে কর্মরত ছিল। ব্যাংকের চাকুরী থেকে বিভিন্ন অভিযোগে তাকে বরখাস্ত করা হয়। এছাড়া সে গত তিন থেকে চার বছর থেকে জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের কমলা বাড়ি গ্রামের কালা মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসাবে বসবাস করে আসছিল। সেখান থেকে মুদ্রা পাচার সহ অবৈধ কাজ কর্ম পরিচালনা করে আসছে।
তিনি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তার বাসায় অভিযান চালায়। এ সময় বিপুল পরিমাণ নগদ ভারতীয় রুপি, বাংলাদেশি টাকা সহ অভিযান কালে তার নিকট থেকে উত্তরা ব্যাংকের অন্তত ৩০ টা চেক বই উদ্ধার করা হয়। তাদেরকে আজ মঙ্গলবার আদালতে সোপর্দ করা হবে।










