মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের বিষয়টি অন্তর্বর্তীকালীন সরকারের অগ্রাধিকারের তালিকায় শুরুতেই রয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, দ্রুত কীভাবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা যায়, তা নিয়ে কাজ করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়েছে।

বুধবার (১৪ আগস্ট) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের দফতরে বর্তমান মূল্যস্ফীতি ও খাদ্য সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা এবং মূল্যস্ফীতি সহনীয় মাত্রায় নামিয়ে আনার জন্য সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। 

অর্থ উপদেষ্টা বলেন, আমরা এরই মধ্যে উৎপাদন এবং সরবরাহের দিকে মনোযোগ দিয়ে কাজ শুরু করেছি। কাকে ধরব, কাকে আটকাব সেটা মূল বিষয় নয়, এখন প্রধান কাজ জিনিসপত্রের দাম কমানো। 

তিনি বলেন, জিনিসপত্রের দাম রাতারাতি একেবারেই কমানো সম্ভব হবে, বিষয়টা সেরকম হয়তো নয়। কিন্তু দাম কমবে এটা নিশ্চিত। শিগগিরই মানুষের স্বস্তি মিলবে। 

উৎপাদন বাড়লে বাজারে সরবরাহ বাড়বে। উৎপাদন বাড়াতে ব্যবস্থা নেয়ার জন্য কৃষি মন্ত্রণালয়কে নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

বাজারে সিন্ডিকেট নিয়ে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, এমন কোনো বিষয় নেই যেটি আমাদের নজরে আসেনি। এ বিষয়টিও আমাদের নজরে এসেছে। আমার কিছু আইডিয়া আছে। গভর্নরও এ বিষয়ে জানেন। এখানকার সচিবরাও অনেক অভিজ্ঞ। আমি তাদের বলেছি, আপনারা আমাকে সবকিছু জানাবেন। এখানে ভয়ের কিছু নেই। ভয় করে, তোয়াজ করে কথা বলবেন না। যেকোনো সমস্যায় আমাকে বলবেন।

দুর্নীতির বিষয় কোনো পদক্ষেপ নেবেন কিনা, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আজকে এ বিষয় নিয়ে আলোচনা হয়নি। 

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদের সভাপতিত্বে বৈঠকে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ড. আহসান এইচ মনসুর, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান, শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, খাদ্য মন্ত্রণালয়ের সচিব, কৃষি মন্ত্রণালয়ের সচিব এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব উপস্থিত ছিলেন।