নারায়ণগঞ্জের সোনারগাঁয় রয়েল রিসোর্টে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হকের নারী কেলেঙ্কারির জের ধরে দলটির কর্মী, সমর্থকদের ব্যাপক সহিংসতা নিয়ে করা মামলায় সোনারগাঁ পৌরসভার ৮ নং ওয়ার্ড কাউন্সিলর ফারুক আহমেদ তপনকে গ্রেফতার করেছে পুুুুলিশ।

শনিবার রাতে উপজেলার ভবনাথপুর এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। তপন সোনারগাঁ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে জাতীয় পার্টির রাজনীতিতে সম্পৃক্ত বলে পুলিশ জানিয়েছে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) খন্দকার তবিদুর রহমান জানান, সোনারগাঁ পৌরসভার ৮ নং ওয়ার্ড কাউন্সিলর ফারুক আহমেদ তপন হেফাজতের সহিংসতার মামলার অন্যতম আসামি এবং ওই ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন বলে প্রমাণ পাওয়া গেছে। রাতে গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় রয়েল রিসোর্টে ৩ এপ্রিল হেফাজত নেতা মামুনুল হক নারীসহ স্থানীয়দের হাতে অবরু" হন। এ ঘটনার জের ধরে হেফাজতের নেতাকর্মী ও সমর্থকরা রয়েল রিসোর্ট, উপজেলা আওয়ামী লীগ অফিস ও নেতাকর্মীদের ঘরবাড়ি ভাংচুরসহ মহাসড়কে অগ্নিসংযোগ করে ব্যাপক তাণ্ডব চালায়।