ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেন, ‘কেউ যদি আবার বাংলাদেশে নতুন করে ফ্যাসিজম বা সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চান তাহলে খুব দেরি হবে না, যথাযথ জবাব পেয়ে যাবেন। জনগণ সব ষড়যন্ত্র রুখে দেবে।’
গতকাল বিকালে ওসমান হাদিকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
জামায়াতের আমির বলেন, ‘কাউকে এ ধরনের নোংরামি করার সুযোগ দেয়া হবে না। বাংলাদেশের মাটি কারো বাপ-দাদার জমিদারি নয়, এটা ১৮ কোটি মানুষের সম্পদ। এ হত্যাচেষ্টা যারা চালিয়েছে, গুলি যারা চালিয়েছে, তাদের অবিলম্বে খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে হবে। সরকারের কাছে এ আহ্বান জানাচ্ছি। এ ক্ষেত্রে সরকারের কোনো ধরনের ঢিলেমি বরদাশত করা হবে না। সরকার যেন এ ব্যাপারে তৎপর থেকে নিজেদের দায়িত্ব পালন করে, সেটা আমরা দেখতে চাই।’
শফিকুর রহমান বলেন, ‘এ ঘটনায় আমরা স্তম্ভিত, বিস্মিত ও ক্ষুব্ধ। একটা মেসেজ ভেরি ক্লিয়ার (খুবই সুস্পষ্ট বার্তা)—এ জাতি কোনো গুলিকে পরোয়া করবে না। আমরা কোনো গুলির তোয়াক্কাও করি না।’
জামায়াতের আমির শরিফ ওসমান হাদির সুস্থতা কামনা করে আরো বলেন, ‘সে যেন ফিরে এসে মুক্তির লড়াইয়ে আবার রাজপথে আমাদের সবার সঙ্গে শরিক হতে পারে, আল্লাহ তায়ালার দরবারে সেই দোয়া করছি।’










