ফেনীর মহিপালে আন্দোলনের মধ্যে গুলিতে আহত ছাগলনাইয়া আব্দুল হক ডিগ্রি কলেজের শিক্ষার্থী মাহাবুবুল হাসান মাসুমের মৃত্যু হয়েছে। ৪ দিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বুধবার (৭ আগস্ট) মৃত্যু হয় মাসুমের। এখন পর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ফেনীর মহিপালে ৯ জন নিহতের তথ্য পাওয়া গিয়েছে।

বুধবার বিকেল ৫টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে পরিবার। মাসুমের বাড়ি ফেনীর সোনাগাজীর মধ্যম চর চান্দিয়া গ্রামে।

নিহতের ভাই মাহফুজুল হাসান বলেন, গত ৪ আগস্ট মহিপালে আওয়ামী সন্ত্রাসীদের ছোঁড়া একটি গুলি মাহাবুবুল হাসানের মাথায় লাগে। সহপাঠীরা তাকে সেখান থেকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

বুধবার রাতে প্রথম জানাজার পর আজ সকালে দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে।