দেশের ব্যাংক পরিচালকদের অ্যাকাউন্ট জব্দ করা উচিত বলে মন্তব্য করেছেন ঢাকা চেম্বারের সাবেক সভাপতি ও ব্যবসায়ী নেতা শামস মাহমুদ। তিনি বলেন, ব্যাংকের পরিচালকরা যেন দেশ ছাড়তে না পারে তা নিশ্চিত করতে হবে।

বুধবার (১৪ আগস্ট) সকালে রাজধানীর একটি হোটেলে সিপিডি আয়োজিত অন্তর্বর্তীকালীন সরকারের চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক এক সংলাপে এমন কথা বলেন ঢাকা চেম্বারের সাবেক এ সভাপতি। এতে সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন ব্যবসায়িক নেতা এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংলাপে শামস মাহমুদ বলেন, জাতীয় রাজস্ব বোর্ডে ঘুষের কারবার শুরু হয়েছিল। আর ঘুষের সর্দার ছিলেন এনবিআর চেয়ারম্যান। তাকে অবিলম্বে সরে যেতে হবে। গোজামিলের তথ্যের ওপর নির্ভর করে এলডিসি গ্রাজুয়েশন এখন সম্ভব নয়। প্রয়োজনে এটা ১০-১৫ বছর পিছিয়ে দিতে হবে। কারণ গ্রাজুয়েশনের পর যে পরিমাণ বিনিয়োগ দরকার, সে পরিমাণ অর্থ আমাদের ব্যাংকগুলোতে নেই।

আগামীতে চিনি এবং তেলসহ অন্যান্য প্রয়োজনীয় জিনিস আমদানির চ্যালেঞ্জ তৈরি হবে বলেও মনে করছেন তিনি।