গতকাল বিভিন্ন সময়ে এসব দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ফরিদপুরে দুজন এবং চট্টগ্রাম, ঝালকাঠি ও রংপুরে একজন করে রয়েছেন। প্রতিনিধিদের খবর—

ফরিদপুর: নগরকান্দায় বাসচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন মাহিম মাতুব্বর (২২) ও রফিজুল মাতুব্বর (২২)। ঢাকা-বরিশাল মহাসড়কে ব্যাটারিচালিত রিকশা দেখে ব্রেক করতে গিয়ে তারা সড়কে পড়ে যান। তখন সাকুরা পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়।

ঝালকাঠি: ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী বাস খাদে পড়ে বাসের সুপারভাইজার মনির হোসেন (৩৫) নিহত হয়েছেন। একটি সিএনজি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারায়।

চট্টগ্রাম: চট্টগ্রামের মীরসরাইয়ে অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. আলাউদ্দিন (৩৮) নিহত হয়েছেন। দায়িত্বে যাওয়ার সময় বিপরীতমুখী অটোরিকশার সঙ্গে তার সংঘর্ষ হয়।

রংপুর: গঙ্গাচড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় রঙ্গন গোস্বামী (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। সকালে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময় শাহপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।