কক্সবাজারের উখিয়ায় ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো এক যাত্রী। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে। সকাল ১০টার দিকে উখিয়ার হিজলীয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শাহপরী হাইওয়ে পুলিশের ইনচার্জ পরিদর্শক সাইফুল আলম।

নিহতরা হলেন উখিয়ার হলদিয়াপালং বড়বিল পাগলিরবিল এলাকার মৃত জয়নাল ইসলামের স্ত্রী সলিমা খাতুন (৪০), একই এলাকার মৃত গুড়া মিয়ার ছেলে আনোয়ারুল ইসলাম (২৫) ও রামুর মেরংলোয়র ফতেহপুরের মণিন্দ্র ধরের ছেলে বিটু ধর (৫১)। নিহত অন্যজনের পরিচয় জানা যায়নি। আহত হাবিবুল্লাহ (৩০) রামুর সিকদারপাড়ার নুরুল আলমের ছেলে।

সাইফুল আলম জানান, গতকাল সকালে হিজলীয়া এলাকায় টেকনাফমুখী ট্রাক উখিয়ামুখী সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে একজন ঘটনাস্থলে এবং বাকি তিন যাত্রী হাসপাতালে নেয়ার পথে মারা যান। সিএনজিযাত্রী আরো একজনকে গুরুতর আহতাবস্থায় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মহিউদ্দীন মহিন জানান, হাসপাতালে আনা চারজন মৃত ছিল। আহত একজনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। তার অবস্থাও ভালো নয়। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী জানান, খবর পেয়ে মরদেহগুলো উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।