বন্যাকবলিতদের পাশে দাঁড়ানো ও সহযোগিতার লক্ষ্যে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের (বাসা) বাজেটের ত্রাণ ও কল্যাণ খাত থেকে ন্যূনতম ১ কোটি টাকার চেক প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে দেয়া হবে। এক্ষেত্রে অ্যাসোসিয়েশনের সব সদস্যের কাছ থেকে একদিনের বেতনের সমপরিমাণ অর্থ দান হিসেবে গ্রহণ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সম্প্রতি বাসা মহাসচিব মুহাম্মদ মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, ভারি বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলে দেশের অন্তত ১১টি জেলা বন্যাকবলিত হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা প্রায় ৪৫ লাখ। এ মুহূর্তে ৮ লাখ ৮৭ হাজার ৬২৯টি পরিবার পানিবন্দি। এ বন্যায় ১৩ জনের মৃত্যু হয়েছে। এ পরিস্থিতিতে বিপুলসংখ্যক মানুষ দুর্বিষহ জীবনযাপন করছে। —বিজ্ঞপ্তি