আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬-এ ‘ইউনিভার্সিটি ইনোভেশন এক্সিবিশন অ্যাওয়ার্ড’-এর শীর্ষ পাঁচ বিজয়ী বিশ্ববিদ্যালয়ের একটি হিসেবে নির্বাচিত হয়েছে। দেশের ৭০টির বেশি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণের মধ্য থেকে পাঁচটি বিশ্ববিদ্যালয়কে এ অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত করা হয়।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে তিন দিনব্যাপী বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ১২-১৪ সেপ্টেম্বর ঢাকার নভোথিয়েটারে অনুষ্ঠিত হয়। ‘ইনোভেট টু মার্কেট’ প্রতিপাদ্যে আয়োজিত এ মেলায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, গবেষক, উদ্ভাবক, শিল্পপ্রতিষ্ঠান, বিনিয়োগকারী, নীতিনির্ধারক, সরকারি কর্মকর্তা, শিক্ষাবিদ ও শিক্ষার্থীরা অংশ নেন।

উদ্ভাবন ও উদ্যোক্তা কার্যক্রমকে উৎসাহিত করা এবং গবেষণা ও প্রযুক্তিগত ধারণাকে বাস্তব ও বাজারমুখী সমাধানে রূপ দেয়ার সুযোগ তৈরি করাই ছিল এ আয়োজনের অন্যতম লক্ষ্য। মেলায় এআইইউবির স্টলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প ও প্রযুক্তিগত সমাধান প্রদর্শন করা হয়।

মেলা চলাকালে ডাক ও টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন এআইইউবির স্টল পরিদর্শন করেন। এ সময় তারা বিশ্ববিদ্যালয়ের প্রদর্শিত উদ্ভাবনী প্রকল্প ও প্রযুক্তিগত সমাধান সম্পর্কে অবহিত হন।