পুঁজিবাজারে তালিকাভুক্ত ছয়টি ব্যাংক ও বীমা কোম্পানির পর্ষদ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আজ। সভায় কোম্পানিগুলোর চলতি ২০২৪ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে। 

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক: পূর্ব ঘোষণা অনুযায়ী, ব্যাংকটির পর্ষদ সভা আজ বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। সমাপ্ত ২০২৩ হিসাব বছরে এমটিবির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৯১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৪১ পয়সা (পুনর্মূল্যায়িত)। সে হিসাবে কোম্পানিটির সমন্বিত ইপিএস বেড়েছে ২০ দশমিক ৭৫ শতাংশ। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৪ টাকা ৫২ পয়সায়। আলোচ্য হিসাব বছরে ১০ শতাংশ নগদ লভ্যাংশ করেছে ব্যাংকটি। 

এনআরবিসি ব্যাংক: ব্যাংকটির পর্ষদ সভা আজ বেলা ২টা ৪০ মিনিটে অনুষ্ঠিত হবে। চলতি ২০২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ব্যাংকটির সমন্বিত মুনাফা কমেছে ৫৫ শতাংশ। আলোচ্য প্রান্তিকে ব্যাংকটির ইপিএস হয়েছে ৪৪ পয়সা, গত বছর একই প্রান্তিকে যা ছিল ৯৮ পয়সা। গত ৩১ মার্চ শেষে ব্যাংকটির এনএভিপিএস ছিল ১৮ টাকা ৩ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৩ সমাপ্ত হিসাব বছরে বিনিয়োগকারীদের ১১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে ব্যাংকটি। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছিল ২ টাকা ৪০ পয়সা। 

সিটি ব্যাংক: ব্যাংকটির পর্ষদ সভা আজ বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরে ব্যাংকের ইপিএস হয়েছে ৫ টাকা ২১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ৯০ পয়সা। চলতি ২০২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) সিটি ব্যাংকের সমন্বিত ইপিএস হয়েছে ৭৫ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ৭৩ পয়সা (পুনর্মূল্যায়িত)। গত ৩১ মার্চ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩০ টাকা ৮৪ পয়সায়। 

ক্রিস্টাল ইন্স্যুরেন্স: কোম্পানিটির পর্ষদ সভা আজ বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। সমাপ্ত ২০২৩ হিসাব বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ৭ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য হিসাব বছরে ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ইপিএস হয়েছে ৩ টাকা ৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৭২ পয়সা। গত ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৫ টাকা ৮৭ পয়সায়।

স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স: পূর্ব ঘোষণা অনুযায়ী বীমা কোম্পানিটির পর্ষদ সভা আজ বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। চলতি ২০২৪ হিসাব বছরে কোম্পানিটির ইপিএস ৬৭ পয়সা ও এনএভিপিএস দাঁড়িয়েছে ২১ টাকা ২৫ পয়সায়। সর্বশেষ ২০২৩ হিসাব বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস ২ টাকা ১১ পয়সা ও এনএভিপিএস হয়েছিল ২০ টাকা ৮৯ পয়সা। 

কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স: কোম্পানিটির পর্ষদ সভা আজ বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। চলতি ২০২৪ হিসাব বছরে কোম্পানিটির ইপিএস ৫০ পয়সা ও এনএভিপিএস দাঁড়িয়েছে ২২ টাকা ৬৩ পয়সায়। সর্বশেষ ২০২৩ হিসাব বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করে। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস ১ টাকা ৬৯ পয়সা ও এনএভিপিএস হয়েছিল ২২ টাকা ২৯ পয়সা।