ওষুধ খাতের কোম্পানি টেকনো ড্রাগস লিমিটেডকে বুকবিল্ডিং পদ্ধতির প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে ১০০ কোটি টাকা ও চামড়া খাতের কোম্পানি এমকে ফুটওয়্যার পিএলসিকে বন্ডের মাধ্যমে ৫৫ কোটি সংগ্রহের অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গতকাল বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ৯০২তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। কমিশন সভা শেষে বিএসইসির নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
তথ্যানুসারে, বুকবিল্ডিং পদ্ধতির আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে ১০০ কোটি টাকা সংগ্রহ করবে টেকনো ড্রাগস লিমিটেড। সংগৃহীত অর্থে কোম্পানিটি নতুন যন্ত্রপাতি ক্রয়, বিএমআরই (নরসিংদী কারখানা), ভবন নির্মাণ (গাজীপুর কারখানা), আংশিক ঋণ পরিশোধ ও ইস্যু ব্যবস্থাপনা খরচ খাতে ব্যয় করবে। কোম্পানিটির ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী, পুনর্মূল্যায়নসহ শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ২৭ টাকা ৭৪ পয়সা এবং পুনর্মূল্যায়ন ছাড়া ২২ টাকা ৫৭ পয়সা। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৮ পয়সা, বিগত পাঁচ বছরের ভারিত গড় হারে কোম্পানিটির যা ৩ টাকা ২৫ পয়সা।
সাধারণ বিনিয়োগকারীদের কাছে টেকনো ড্রাগস লিমিটেড কাট-অব প্রাইস বা প্রান্তসীমা মূল্যের ৩০ শতাংশ কমে শেয়ার ইস্যু করবে। পুঁজিবাজারে তালিকাভুক্তির আগে কোম্পানিটি কোনো ধরনের লভ্যাংশ ঘোষণা, অনুমোদন বা বিতরণ করতে পারবে না বলে শর্ত দিয়েছে বিএসইসি। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে ইম্পেরিয়াল ক্যাপিটাল লিমিটেড ও ইবিএল ইনভেস্টমেন্টস লিমিটেড।
পুঁজিবাজারের এসএমই প্লাটফর্মে তালিকাভুক্ত কোম্পানি এমকে ফুটওয়্যার পিএলসির ৫৫ কোটি টাকার বন্ড ইস্যুর অনুমোদন দিয়েছে বিএসইসি। কেন্দ্রীয় ব্যাংকের স্মার্টের (সিক্স মান্থস মুভিং অ্যাভারেজ রেট অব ট্রেজারি বিল) সঙ্গে ২ শতাংশ মার্জিন যোগ করে আট বছর মেয়াদি পুরোপুরি অবসায়নযোগ্য ও রূপান্তর অযোগ্য বন্ডটির কুপন রেট নির্ধারিত হবে। কুপনের হার হবে ৯ থেকে ১১ দশমিক ৫ শতাংশ। বন্ডটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদশালী একক বিনিয়োগকারীদের কাছে ইস্যু করা হবে। বন্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ লাখ টাকা। বন্ডের মাধ্যমে সংগৃহীত অর্থ এমকে ফুটওয়্যার তার ক্রেতাদের শর্ত পরিপালন ও চলতি মূলধনের প্রয়োজনীয়তা মেটাতে ব্যয় করবে। বন্ডটির ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করছে কমিউনিটি ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড এবং অ্যারেঞ্জার হিসেবে কাজ করছে আলফা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড। বন্ডটি স্টক এক্সচেঞ্জের অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে (এটিবি) তালিকাভুক্ত হবে।










