ফ্রান্সে চলতি বছর ভুট্টা উৎপাদন কমে প্রায় তিন দশকের সর্বনিম্নে নামার আশঙ্কা তৈরি হয়েছে। ইউরোপের ব্রেড বাস্কেট খ্যাত দেশটিতে নিম্নমুখী উৎপাদন এ অঞ্চলের কৃষিপণ্যের বাজারে নেতিবাচক প্রভাব ফেলবে। খবর ওয়ার্ল্ড গ্রেইন ডটকম।
বিশ্লেষকরা বলছেন, ইতিহাসের সবচেয়ে ভয়াবহ খরা দেখা দিয়েছে ফ্রান্সে। এর প্রভাবে দেশটির কৃষি মন্ত্রণালয় ভুট্টা উৎপাদন পূর্বাভাসে ১ কোটি ১১ লাখ ৫০ হাজার টন থেকে কমিয়ে ১ কোটি ৭ লাখ ৪০ হাজার টন ধরা হয়েছে। ১৯৯০ সালের পর এবারই প্রথম উৎপাদন এতটা নিচে নামার আশঙ্কা করা হচ্ছে।
মন্ত্রণালয়ের দেয়া তথ্য বলছে, গত বছর দেশটিতে ভুট্টার বাম্পার ফলন হয়েছিল। তবে এ বছর সে সময়ের তুলনায় উৎপাদন ২৯ শতাংশ কমেছে। আর পাঁচ বছরের গড় হিসাবের তুলনায় উৎপাদন কমবে ২১ শতাংশ।
এ বছর ৭৮ লাখ ৯০ হাজার হেক্টর জমিতে ভুট্টা আবাদের প্রক্ষেপণ করা হয়েছে। এর আগের বছর আবাদ হয়েছিল ৮১ লাখ ৮০ হাজার হেক্টর জমিতে। সে হিসাবে আবাদও অনেক কমতে যাচ্ছে।
মূলত গ্রীষ্মকালীন খরার কারণেই উৎপাদন ও আবাদ কমার পথে। সেচ ছাড়াই ভুট্টা উৎপাদন হওয়ায় এ খরায় শস্যটির উৎপাদন বেশি ব্যাহত হবে। তবে যেসব শস্য সেচের মাধ্যমে উৎপাদন হয়, সেগুলোর ক্ষেত্রে খরার প্রভাব কম থাকবে।










