রমজানে দেশের পুঁজিবাজারে লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। নতুন সময়সূচি অনুসারে রমজানে পুঁজিবাজারে সাড়ে ৩ ঘণ্টা লেনদেন হবে। রমজান শেষে আগের মতোই সাড়ে ৪ ঘণ্টা লেনদেন হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যানুসারে, রমজান উপলক্ষে ডিএসইর অফিস সকাল ৯টা থেকে বেলা ৩টা ৩০ মিনিট পর্যন্ত খোলা থাকবে। পুঁজিবাজারে৷ লেনদেন সকাল ১০টায় শুরু হয়ে বেলা ১টা ৩০ মিনিট পর্যন্ত চলবে। এর মধ্যে বেলা ১টা ২০ মিনিট থেকে ১ টাকা ৩০ মিনিট পর্যন্ত পোস্ট ক্লোজিং সেশন।

ডিএসইর পক্ষ থেকে জানানো হয়, রমজান ও ঈদুল ফিতরের ছুটি শেষে এক্সচেঞ্জটির অফিস সকাল ৯টা থেকে বিকাল ৪টা ৩০ মিনিট পর্যন্ত খোলা থাকবে এবং পুঁজিবাজারের লেনদেন সকাল ১০টায় শুরু হয়ে বেলা ২টা ৩০ মিনিট পর্যন্ত বিরতিহীনভাবে চলবে (এর মধ্যে ২টা ২০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত পোস্ট ক্লোজিং সেশন)।

এর আগে সম্প্রতি রমজান মাসে ব্যাংক লেনদেনের জন্য নতুন সময়সূচি ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক। সে অনুযায়ী রোজার মাসজুড়ে লেনদেন হবে সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত। জোহরের নামাজের জন্য কেবল বেলা ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত বিরতি থাকবে। তবে এ সময়ে বিকল্প ব্যবস্থায় লেনদেন অব্যাহত রাখতে হবে। বর্তমানে ব্যাংকে লেনদেন চলে সকাল ১০টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত, মোট সাড়ে ৫ ঘণ্টা। সে হিসাবে রমজানে ব্যাংকের লেনদেন সময় ৩০ মিনিট কমছে। এ সময় ব্যাংকে লেনদেন চলবে ৫ ঘণ্টা। পুঁজিবাজারে লেনদেন নিষ্পত্তির ক্ষেত্রে ব্যাংকের লেনদেন চালু থাকার সম্পর্ক রয়েছে।