মিরসরাই উপজেলার বন্যাদুর্গতদের পাশে দাঁড়িয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন (সিইউসিএজেএএ)। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও মিরসরাইয়ের ইউএনও মাহফুজা জেরিনের কাছে ত্রাণসামগ্রী হস্তান্তর করেছেন সংগঠনের সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম শিমুল ও সাধারণ সম্পাদক মো. নুর উদ্দিন আলমগীর মিলন। যার মধ্যে রয়েছে আড়াই টন মিনিকেট চাল, খাবার স্যালাইন, এক হাজার মানুষের জন্য পাঁচ ধরনের ওষুধ ও ৬০০ লিটার বিশুদ্ধ পানি। এতে সার্বিক সহযোগিতা করেছে প্যাসিফিক জিন্স গ্রুপ, এসএ গ্রুপ, এলবিয়ন ফার্মাসিউটিক্যালস ও প্রিমিয়ার সিমেন্ট লিমিটেড। এ সময় উপস্থিত ছিলেন সিইউসিএজেএএর ভারপ্রাপ্ত অর্থ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, সদস্য কাজী মনজুরুল ইসলাম ও আসহাব উদ্দিন।