সমাজের যে প্রবীণদের ঠিকানা আজ বৃদ্ধাশ্রমে, তাদের জন্য একটা আনন্দপূর্ণ দিন কাটানোর ব্যবস্থা করেছিল নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল সার্ভিসেস ক্লাব। এজন্য তারা আয়োজন করেছিল অনুষঙ্গের। গতকাল এ আয়োজনে গাজীপুরের মণিপুরের হোতাপাড়া এলাকায় অবস্থিত গিভেন্সি গ্রুপের বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে ক্লাবের প্রায় ১০০ জন সদস্যসহ ফ্যাকাল্টি অ্যাডভাইজার মেজবাহ উল হাসান চৌধুরী উপস্থিত ছিলেন। আয়োজনের সঙ্গে ছিল বায়োজিন, কেটিএম ও ইউনাইটেড হেলথ কেয়ার।
সমাজের প্রবীণদের মাঝে তরুণ প্রাণের উদ্দীপনার আলো ছড়াতে একটি দিন তাদের সঙ্গে বসে কথা শোনার জন্য ক্লাবের সদস্যরা মিলে নানা আয়োজনে মেতেছিল। কখনো আধুনিক প্রজন্মের জনপ্রিয় গেম পিলো পাসিং খেলার মাধ্যমে, কখনো পুরনো দিনের গানের আয়োজনের মাধ্যমে। এ বিশেষ মুহূর্তকে আরো রঙিন করতে উপস্থিত হয়েছিলেন কার্টুনিস্ট সাঈদ রাশেদ ইমাম তন্ময়, যার রঙের জাদু ছড়িয়ে ছিল চারপাশে। এর পাশাপাশি পরিবেশকে উপযোগী করে তোলার জন্য ক্লাবের সদস্যরা বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছিল। এ উদ্যোগ সফল করতে পেইন্ট পার্টনার হিসেবে ছিল এশিয়ান পেইন্টস। এছাড়া ক্লাবের সদস্যরা চেষ্টা করেছে প্রয়োজনীয় সব ওষুধ ও হুইলচেয়ার তাদের মাঝে পৌঁছে দেয়ার। আরো একটি বিশেষ আয়োজন ছিল বৃদ্ধাশ্রমের মলিন ঠিকানাটির দেয়াল ও আঙিনায় আলপনা দিয়ে সাজানোর।—বিজ্ঞপ্তি










