অ্যাসেট অ্যান্ড ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট সার্ভিসেস (এইমস) অব বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন প্রতিষ্ঠাতা স্পন্সর পরিচালক জাহিদুস সালাম মিয়া। তিনি প্রতিষ্ঠানটির সাবেক এমডি প্রয়াত ইয়াওয়ার সায়ীদের স্থলাভিষিক্ত হয়েছেন। কোম্পানির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জাহিদুস সালাম মিয়া যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার ড্রেক্সেল ইউনিভার্সিটি থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি সম্পন্ন করেন। দেশটির রাসায়নিক শিল্পে তার প্রায় ৪০ বছরের পেশাগত অভিজ্ঞতা রয়েছে।

এছাড়া যুক্তরাষ্ট্রের প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউট (পিএমআই) থেকে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল (পিএমপি) সনদ অর্জন করেছেন।

এইমস অব বাংলাদেশের নতুন এমডি হিসেবে জাহিদুস সালাম মিয়ার নিয়োগ প্রতিষ্ঠানটির আদর্শ ও নেতৃত্বে ধারাবাহিকতা বজায় রাখবে। একই সঙ্গে এটি তার সুদীর্ঘ আন্তর্জাতিক পেশাগত অভিজ্ঞতা ও যুক্তরাষ্ট্রের আর্থিক বাজারে বিনিয়োগের জ্ঞানকে কাজে লাগানোর সুযোগ তৈরি করবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত এইমস অব বাংলাদেশ ক্লোজড-এন্ড বা মেয়াদি ও ওপেন-এন্ড বা বেমেয়াদি—দুই ধরনের মিউচুয়াল ফান্ড পরিচালনা করছে। মেয়াদি মিউচুয়াল ফান্ডের মধ্যে রয়েছে গ্রামীণ ওয়ান: স্কিম টু ও রিলায়েন্স ওয়ান। দুটি ফান্ডই ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত। এছাড়া প্রতিষ্ঠানটি বেমেয়াদি মিউচুয়াল ফান্ড হিসেবে গ্রামীণ ব্যাংক-এইমস ফার্স্ট ইউনিট ফান্ড পরিচালনা করছে। গ্রামীণ ব্যাংক স্পন্সরকৃত ও এইমস পরিচালিত এ বেমেয়াদি ফান্ডটির লক্ষ্য দেশের ক্ষুদ্র ও মধ্যম আয়ের সঞ্চয়কারীদের জন্য একটি নির্ভরযোগ্য এবং সাশ্রয়ী বিনিয়োগের সুযোগ সৃষ্টি করে তাদের আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করা।