পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) আইডিএলসি ফাইন্যান্স পিএলসির আয় ও মুনাফা চলতি ২০২৪ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) আগের বছরের একই সময়ের তুলনায় বেড়েছে। এর মধ্যে প্রতিষ্ঠানটির সুদ আয় বেড়েছে ১৫ শতাংশ এবং কর-পরবর্তী নিট মুনাফা বেড়েছে ৪ শতাংশ। প্রতিষ্ঠানটির অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যানুসারে, চলতি ২০২৪ হিসাব বছরের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের সুদ আয় হয়েছে ৭০১ কোটি ৪৯ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৬১০ কোটি ৯ লাখ টাকা। আলোচ্য সময়ে প্রতিষ্ঠানটির কর-পরবর্তী নিট হয়েছে ৭৫ কোটি ২৫ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ৭২ কোটি ২১ লাখ টাকা। প্রথমার্ধে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮১ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৭৪ পয়সা। গত ৩০ জুন শেষে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৬ টাকা ২ পয়সায়। 

এদিকে চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) আইডিএলসি ফাইন্যান্সের সুদ আয় হয়েছে ৩৬৭ কোটি ২৬ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩১০ কোটি ৯০ লাখ টাকা। আলোচ্য সময়ে প্রতিষ্ঠানটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৩৯ কোটি ৮৪ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ৩৭ কোটি ৮০ লাখ টাকা। প্রথমার্ধে প্রতিষ্ঠানটির ইপিএস হয়েছে ৯৬ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৯১ পয়সা।

নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, সমাপ্ত ২০২৩ হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৩ টাকা ৬৪ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪ টাকা ৬১ পয়সা। সে হিসাবে কোম্পানিটির ইপিএস কমেছে ২১ দশমিক শূন্য ৪ শতাংশ। গত ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৪৫ টাকা ৭১ পয়সায়। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। 

কোম্পানিটির সর্বশেষ সার্ভিলেন্স রেটিং দীর্ঘমেয়াদে ট্রিপল এ ও স্বল্পমেয়াদে এসটি-ওয়ান। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য পরিমাণগত ও গুণগত তথ্যের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)।