সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে আজ থেকে টানা ছয়দিনের জন্য ছুটি। ফলে এ সময়ে দুই দেশের মধ্যে কোনো ধরনের পণ্য আমদানি-রফতানি হবে না। এর মধ্যে আজ শবে কদরের ছুটি। এছাড়া ঈদের সরকারি ছুটি ১৩, ১৪ ও ১৫ মে। আর দুই দেশের সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়শনের সিদ্ধান্ত অনুযায়ী ১১ ও ১২ মে বন্দরের কার্যক্রম বন্ধ থাকবে।
ভোমরা সিঅ্যান্ডএফ ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম জানান, শবে কদরের ছুটি একদিন। ঈদের ছুটি তিনদিন। অর্থাৎ চারদিন সরকারি ছুটি থাকলেও উভয় দেশের সিঅ্যান্ডএফ ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত অনুযায়ী আরো দুদিন বাড়িয়ে মোট ছয়দিন বন্দরের কার্যক্রম বন্ধ থাকবে। এ সময় কোনো ধরনের আমদানি-রফতানি হবে না। ১৬ মে থেকে যথারীতি আমদানি-রফতানি শুরু হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন ভোমরা শুল্কস্টেশনের দায়িত্বরত কাস্টমসের বিভাগীয় সহকারী কমিশনার আমীর মামুন। বণিক বার্তাকে তিনি বলেন, সরকারি ছুটি মূলত শবে কদরের একদিন এবং ঈদের তিনদিন। কিন্তু উভয় দেশের সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়শনের পক্ষ থেকে দুইদিন কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ফলে আজ সোমবার শবে কদরের ছুটি থেকে ১৫ মে পর্যন্ত বন্দরের কার্যক্রম বন্ধ থাকবে।









