পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেডের ২ হাজার ৬২৫ কোটি টাকার বন্ড ইস্যুর অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গতকাল বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ৯০৫তম কমিশন সভায় বেক্সিমকো ফার্স্ট আনসিকিউরড জিরো কুপন বন্ডের অনুমোদন দেয়া হয়। বিএসইসির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুসারে, বন্ডটি হবে আনসিকিউরড, নন-কনভার্টিবল ও রিডিমেবল। এর ডিসকাউন্ট রেট ১৫ শতাংশ। বন্ডটির প্রতি লটের ইস্যু মূল্য ৫০ হাজার টাকা। বন্ডটি থেকে অর্থ উত্তোলনের মাধ্যমে ব্যাংক ঋণ পরিশোধ ও মায়ানগর প্রকল্পের উন্নয়নের জন্য ডেভেলপারকে ঋণ দেবে বেক্সিমকো।
বন্ডটির ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করছে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স ও অ্যারেঞ্জার হিসেবে কাজ করবে আইএফআইসি ইনভেস্টমেন্ট লিমিটেড।
একই সভায় পুঁজিবাজারের মাধ্যমে রিয়েল এস্টেট সেক্টরে অর্থায়নের সুযোগ সৃষ্টি এবং বিনিয়োগের নতুন ক্ষেত্র উন্মোচনের লক্ষ্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট ফান্ড) বিধিমালা, ২০২৪ অনুমোদন করা হয়েছে। বিধিমালাটি বাংলাদেশ গেজেটে প্রকাশের সিদ্ধান্তও সভায় গৃহীত হয়।
সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, সমাপ্ত ২০২৩ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) কমেছে। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৭ টাকা ৯২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১৪ টাকা ১ পয়সা। সর্বশেষ ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৭০৯ কোটি টাকা, আগের হিসাব বছরে যা ছিল ১ হাজার ২৫৪ কোটি টাকা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৯৫ টাকা ১৪ পয়সায়, আগের হিসাব বছরে যা ছিল ৯১ টাকা ১৯ পয়সা।
অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৩-২৪ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) কোম্পানিটির ইপিএস হয়েছে ৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৭ টাকা ৩৫ পয়সা। গত ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির এনএভিপিএস হয়েছে ৯৩ টাকা ৯৮ পয়সায়।
সমাপ্ত ২০২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ নগদ লভ্যাংশের ঘোষণা করে বেক্সিমকো লিমিটেডের পরিচালনা পর্ষদ। সমাপ্ত ২০২১ হিসাব বছরে কোম্পানিটি ৩৫ শতাংশ
১৯৮৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো লিমিটেডের অনুমোদিত মূলধন ৩ হাজার কোটি ও পরিশোধিত মূলধন ৮৯৮ কোটি ২৮ লাখ ৮০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৭ হাজার ৩৮৫ কোটি ১৮ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৮৯ কোটি ৮২ লাখ ৮৭ হাজার ৬৪১।










