ওয়ালটন ডিজি-টেকের সঙ্গে অ্যাডভান্সড ক্যাশ ম্যানেজমেন্ট সেবা দিতে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক। এ চুক্তির মাধ্যমে ওয়ালটনের আর্থিক কার্যক্রম ও ওয়ার্কিং ক্যাপিটাল ব্যবস্থাপনা আরো সহজ ও আধুনিক হবে।
চুক্তির আওতায় ব্র্যাক ব্যাংক ওয়ালটনকে কাস্টমাইজড ডিজিটাল পেমেন্ট সল্যুশন দেবে। এতে ওয়ালটন ব্র্যাক ব্যাংকের কর্পোরেট ইন্টারনেট ব্যাংকিং প্ল্যাটফর্ম ‘কর্পনেট’ ব্যবহার করে সরাসরি লেনদেন করতে পারবে। এই সেবা ম্যানুয়াল ইনপুটের প্রয়োজনীয়তা কমাবে ও মানুষের ভুল-ত্রুটি কমাবে। ফলে নিরাপদ ও রিয়েল-টাইম ডেটা ট্রান্সফার নিশ্চিত হবে।
ওয়ালটন চুক্তির সুবিধায় রিয়েল-টাইমে তাদের অ্যাকাউন্টের অবস্থা পর্যবেক্ষণ করতে পারবে। এতে দ্রুত আর্থিক সিদ্ধান্ত নেয়া, অটোমেটেড রিকনসিলিয়েশন, লেনদেন প্রসেসিং ও পণ্য সরবরাহে দক্ষতা বাড়বে।
সম্প্রতি ওয়ালটনের কর্পোরেট কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়। ব্র্যাক ব্যাংকের পক্ষে হেড অব ট্রানজ্যাকশন ব্যাংকিং একেএম ফয়সাল হালিম ও ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. লিয়াকত আলী চুক্তিতে স্বাক্ষর করেন।
—বিজ্ঞপ্তি










