বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) বার্ষিক পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ সোমবার (১৯ মে) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক উৎসবমুখর পরিবেশে এ আয়োজন অনুষ্ঠিত হয়েছে।

এ অনুষ্ঠানে গবেষণা, শৃঙ্খলা, জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে সাফল্য এবং বিশ্ববিদ্যালয়ের কাজে সততা ও নিষ্ঠার জন্য বিভিন্ন অনুষদ, বিভাগ, শিক্ষক ও শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিইউপির মাননীয় উপাচার্য মেজর জেনারেল মো. মাহবুব-উল আলম। তিনি গবেষণা, পাঠ্যক্রমিক কার্যক্রম, নেতৃত্ব, সহ-পাঠ্যক্রমিক অংশগ্রহণ ও সামাজিক ক্ষেত্রে অবদানের জন্য বিভিন্ন অনুষদ, বিভাগ, শিক্ষক ও শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

পুরস্কার প্রদান অনুষ্ঠানটি বিইউপির মেধাবী সদস্যদের সম্মাননা প্রদানের মাধ্যমে শৃঙ্খলা, উৎকর্ষতা ও সততার মূল্যবোধ প্রতিষ্ঠার প্রতিশ্রুতিকে সামনে নিয়ে আসে। বক্তারা বলেন, এ ধরনের আয়োজন বিশ্ববিদ্যালয়ের ভেতর গঠনমূলক প্রতিযোগিতা ও উৎকর্ষ অর্জনে আগ্রহ তৈরি করে।

অনুষ্ঠানে বিইউপির উচ্চপদস্থ কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

—বিজ্ঞপ্তি