নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) আইন বিভাগ আয়োজন করেছে ‘আন্ডারগ্র্যাজুয়েট ল’ সিম্পোজিয়াম— স্প্রিং। বৃহস্পতিবার (২২ মে) বিশ্ববিদ্যালয়ের মুট কোর্ট রুমে এই সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়। ২০২১ সাল থেকে প্রতি সেমিস্টারে নিয়মিতভাবে এই গবেষণা-ভিত্তিক আয়োজনে তরুণ শিক্ষার্থীরা আইনি বিশ্লেষণ ও গবেষণার দক্ষতা তুলে ধরার সুযোগ পেয়ে আসছে।
এই সেমিস্টারে জমা পড়া ৪৫টি গবেষণাপত্রের মধ্য থেকে ১৪টি উপস্থাপনার জন্য নির্বাচিত হয়। উপস্থাপনার পর বিচারকেরা প্রশ্নোত্তর পর্বে গবেষণাপত্র নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন।
সিম্পোজিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত উপ-উপাচার্য অধ্যাপক আবদুর রব খান। এ সময় উপস্থিত ছিলেন মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. রিজওয়ানুল ইসলাম, আইন বিভাগের চেয়ারম্যান ড. ইশতিয়াক আহমেদ, বিভাগীয় শিক্ষক ও শিক্ষার্থীসহ আমন্ত্রিত অতিথিরা।
উদ্বোধনী বক্তব্যে ড. ইশতিয়াক আহমেদ বলেন, গবেষণাভিত্তিক শিক্ষা শিক্ষার্থীদের স্বাধীন চিন্তা, আইনি বিশ্লেষণ ও সমস্যা সমাধানের দক্ষতা গড়ে তোলে। স্বাগত বক্তব্যে ড. রিজওয়ানুল ইসলাম বলেন, শুরু থেকেই গবেষণায় যুক্ত থাকা শিক্ষার্থীদের জ্ঞানের ভিত্তিকে আরো মজবুত করে।
সিম্পোজিয়ামের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ড. সিনথিয়া ফরিদ, ইন্ডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রভাষক মাইমুনা সৈয়দ আহমেদ এবং ফেনী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান সাখাওয়াত সাজ্জাদ সেজান।
প্রতিযোগিতায় বিজয়ী নির্বাচিত হন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষার্থী ইব্রাহিম খলিলুল্লাহ। প্রথম রানার-আপ হয়েছেন নর্থ সাউথ ইউনিভার্সিটির বশিরুল ইসলাম বিহঙ্গ ও দ্বিতীয় রানার-আপ হয়েছেন একই বিশ্ববিদ্যালয়ের মো. মঈন হোসেন অর্চি।
অধ্যাপক আবদুর রব খান বলেন, সিম্পোজিয়াম কেবল নিজস্ব গবেষণা তুলে ধরার প্ল্যাটফর্ম নয়, বরং সহপাঠীদের কাজ দেখে আইনি আলোচনা ও চিন্তাশীলতা বিনিময়েরও সুযোগ দেয়। তিনি তরুণ গবেষকদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।
এ সময় বিচারকেরা প্রতিযোগীদের গবেষণার মান, যুক্তির প্রয়োগ ও উপস্থাপনার পেশাদারিত্বের প্রশংসা করেন। ড. সিনথিয়া ফরিদ বলেন, তরুণরা আইনকে শুধু ব্যাখ্যা করেননি, নতুন করে ভাবতেও উদ্বুদ্ধ করেছেন।
সাখাওয়াত সাজ্জাদ সেজান প্রতিটি উপস্থাপনার ওপর গঠনমূলক মতামত দেন ও অংশগ্রহণকারীদের অভিনন্দন জানান। মাইমুনা সৈয়দ আহমেদ বলেন, তরুণরা যেসব ব্যতিক্রমী বিষয়ের ওপর আলোকপাত করেছেন, তা প্রতিযোগিতার মান বাড়িয়েছে।
সমাপনী বক্তব্যে এনএসইউর জ্যেষ্ঠ প্রভাষক মো. লোকমান হোসাইন আয়োজনে যুক্ত সবার প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি জানান, প্রতিটি সেমিস্টারেই এনএসইউ আইন বিভাগ এই সিম্পোজিয়ামের আয়োজন করে থাকে। অংশগ্রহণকারী শিক্ষার্থী, শিক্ষক ও দর্শকেরা ভবিষ্যতে এমন আরো আয়োজনের প্রত্যাশা জানিয়েছেন।
—বিজ্ঞপ্তি










