পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্র্যাক ব্যাংক পিএলসির পর্ষদ সভা আগামীকাল বেলা ২টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি লভ্যাংশ ঘোষণা করা হবে। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
আর্থিক প্রতিবেদন অনুসারে, সমাপ্ত ২০২৩ হিসাব বছরের তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) ব্র্যাক ব্যাংকের সমন্বিত ইপিএস হয়েছে ৩ টাকা ২৬ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ৩৫ পয়সা। সে হিসাবে তিন প্রান্তিকের ব্যবধানে ব্যাংকটির সমন্বিত ইপিএস বেড়েছে ৩৮ দশমিক ৭২ শতাংশ। এছাড়া চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকেও (জুলাই-সেপ্টেম্বর) আগের হিসাব বছরের একই প্রান্তিকের তুলনায় সমন্বিত ইপিএস বেড়েছে। তৃতীয় প্রান্তিকে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ৩৪ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ৯৯ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪০ টাকা ২২ পয়সায়।
সমাপ্ত ২০২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য মোট ১৫ শতাংশ লভ্যাংশের সুপারিশ করেছে ব্র্যাক ব্যাংকের পর্ষদ। এর মধ্যে সাড়ে ৭ শতাংশ নগদ ও সাড়ে ৭ শতাংশ স্টক লভ্যাংশ। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ৪ টাকা ২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ৬৫ পয়সা। ওই বছরের ৩১ ডিসেম্বর শেষে ব্যাংকটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ৪০ টাকা ৮৬ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ৩৮ টাকা ২১ পয়সা।










