ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান হিসেবে উদ্যোক্তা পরিচালক আবদুল আউয়াল মিন্টু ও ভাইস চেয়ারম্যান হিসেবে উদ্যোক্তা পরিচালক মোয়াজ্জেম হোসেন নির্বাচিত হয়েছেন। গতকাল ব্যাংকের ৫০৫তম পর্ষদ সভায় সর্বসম্মতিক্রমে তাদের নির্বাচিত করা হয়। এর আগে গত মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক কর্তৃক ‘ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১’ (২০২৩ পর্যন্ত সংশোধিত)-এর মাধ্যমে ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল করে নতুন পর্ষদ গঠন করা হয়।

প্রসঙ্গত, আবদুল আউয়াল মিন্টু দেশের একজন শীর্ষস্থানীয় শিল্পপতি ও ব্যবসায়ী ব্যক্তিত্ব। তিনি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সাবেক সভাপতি। এছাড়া চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন লাল তীর সিড লিমিটেড, নর্থ সাউথ সিড লিমিটেড, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড প্রভৃতি প্রতিষ্ঠানে। এছাড়া উপদেষ্টা হিসেবে যুক্ত রয়েছেন হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেড, বাংলাদেশ পেট্রো কেমিক্যাল কোম্পানি লিমিটেড, মাল্টিমোড টেক্সটাইল মিলস লিমিটেড, মাল্টিসোর্সিং লিমিটেডসহ বেশকিছু প্রতিষ্ঠানের সঙ্গে। ১৯৬৮ সালে তিনি চট্টগ্রামের মার্কেন্টাইল মেরিন একাডেমি থেকে নটিক্যাল সায়েন্সে ডিপ্লোমা অর্জন করেন। তিনি ১৯৭৩ সালে যুক্তরাষ্ট্রের স্টেট ইউনিভার্সিটি অব নিউইয়র্ক মেরিটাইম কলেজ থেকে বিএসসি ও এমএসসি ডিগ্রি অর্জন করেন।

অন্যদিকে, হোসাফ গ্রুপ অব কোম্পানিজের প্রতিষ্ঠাতা মোয়াজ্জেম হোসেন দেশে ও বিদেশে তার ব্যবসা সম্প্রসারণ করেছেন। তিনি গভীর সমুদ্রে মাছ ধরার জন্য প্রথম জয়েন্ট ভেঞ্চার কোম্পানি প্রতিষ্ঠার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেন। বর্তমানে হোসাফ গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন ছাড়াও মোয়াজ্জেম হোসেন প্রগতি ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সাবেক চেয়ারম্যান, বাংলাদেশ এনার্জি কোম্পানি অ্যাসোসিয়েশনের সভাপতি, বিজিএমইএর সহসভাপতি এবং প্রেসিডেন্সি ইউনিভার্সিটির চেয়ারম্যান ছিলেন। —বিজ্ঞপ্তি