রাজধানীর কদমতলী থানার পাটেরবাগে অবস্থিত সেইফ এডুকেশন ইনস্টিটিউটে ভর্তি উৎসব ও শিক্ষা সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) সকাল ৯টায় আজাদী কমপ্লেক্সে ইনস্টিটিউটের হলরুমে এ অনুষ্ঠান আয়োজিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেইফ এডুকেশন ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল মাওলানা সেলিম হোসাইন আজাদী। প্রধান অতিথি ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের পরিচালক প্রফেসর ড. মো. ইকবাল হোসাইন। বিশেষ অতিথি ছিলেন রেডিও তেহরানের বাংলা বিভাগের সাবেক পরিচালক ও মসনবী রুমির বাংলা অনুবাদক ড. ঈসা শাহেদী।
ড. মো. ইকবাল হোসাইন বলেন, আপনার সন্তান একটি ফুলের মতো। তাকে সযত্নে আগলে রাখা আমাদের দায়িত্ব। সন্তান একটি বিষয়ে ভালো না হলেও অন্য বিষয়ে দক্ষতা অর্জন করতে পারে। তাই অন্য কারো সঙ্গে তুলনা না করে তাদের লক্ষ্য নির্ধারণ করে এগিয়ে নিতে হবে। বর্তমানে ইসলামিক শিক্ষা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সেইফ এডুকেশন ইনস্টিটিউট এ চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ করছে।
ড. ঈসা শাহেদী বলেন, জাগতিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষার সমন্বয় অত্যন্ত জরুরি। শিশুরা আমাদের ভবিষ্যৎ। তাদের অতিরিক্ত চাপ প্রয়োগ বা গালমন্দ করা উচিত নয়। আদর ও ভালোবাসা দিয়ে শিক্ষা দিতে হবে।
মাওলানা সেলিম হোসাইন আজাদী বলেন, আমরা আন্তর্জাতিক মানের শিক্ষা ও ইসলামিক আদর্শের সমন্বয়ে শিশুদের ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে কাজ করছি। এখানে প্লে-গ্রুপ থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ইংরেজি মাধ্যমের ভিত্তিতে পাঠ্যক্রম পরিচালিত হচ্ছে। শিশুদের মেধা ও সৃজনশীলতা বিকশিত করতে আধুনিক শিক্ষা পদ্ধতি অনুসরণ করা হয়।
মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। এতে ভর্তিকৃত শিক্ষার্থী, তাদের অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।










