রফতানি বহুমুখীকরণ, সবুজ শিল্প-কারখানা স্থাপন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতের উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে তিনটি অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর করেছে সিটিজেনস ব্যাংক পিএলসি। এর আওতায় কেন্দ্রীয় ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিম সুবিধা ব্যবহার করে অগ্রাধিকারপ্রাপ্ত ও উদীয়মান খাতে কার্যরত যোগ্য প্রতিষ্ঠানগুলোকে সাশ্রয়ী এবং লক্ষ্যভিত্তিক অর্থায়ন সুবিধা দেয়া হবে। সিটিজেনস ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে নিয়ন্ত্রক সংস্থাটির সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের সঙ্গে তিনটি পৃথক অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর হয়। এ সময় সিটিজেনস ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আলমগীর হোসেন ও কেন্দ্রীয় ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক একেএম নূরুন্নবী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এসব চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
চুক্তির আওতাধীন স্কিম তিনটি হলো রফতানি বহুমুখীকরণে সহায়তার জন্য ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম, সবুজ শিল্প প্রতিষ্ঠা ও সবুজ কারখানা ভবন স্থাপনে সহায়তার জন্য ১ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম এবং আইসিটি খাতের উন্নয়নে সহায়তার জন্য ১ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, চুক্তিগুলোর সার্বিক উদ্দেশ্য এমন একটি কাঠামো প্রতিষ্ঠা করা, যার মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন সুবিধা কাজে লাগিয়ে অর্থনীতির অগ্রাধিকারপ্রাপ্ত ও উদীয়মান খাতগুলোয় অর্থায়ন বাড়ানো যায়।









