প্রতিবন্ধী নারীদের জন্য নিরাপদ ও সহজলভ্য স্যানিটারি পণ্য উদ্ভাবন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। বুধবার (২৮ মে) রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ পর্যটন করপোরেশন মিলনায়তনে ‘মাসিক স্বাস্থ্যবিধি দিবস ২০২৫’ উপলক্ষে এ অনুষ্ঠান আয়োজিত হয়।

‘আসুন, সবাই একসাথে গড়ি মাসিক বান্ধব পৃথিবী’ - এই প্রতিপাদ্যে বি-স্ক্যান (বাংলাদেশ সোসাইটি ফর দ্য চেঞ্জ অ্যান্ড অ্যাডভোকেসি নেক্সাস) - এর আয়োজনে এবং ওয়াটারএইড বাংলাদেশ, কিম্বারলি ক্লার্ক ও এমএইচএম প্লাটফর্মের সহায়তায় আয়োজিত প্রতিযোগিতায় সেরা ৫টি দলকে নির্বাচন করা হয়। এর মধ্যে প্রথম স্থান অর্জন করে ইনোভেড, যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে শি মুভ ও টিম পারি।

অনুষ্ঠানের সঞ্চালক ও বি স্ক্যানের সাধারণ সম্পাদক সালমা মাহবুব বলেন, প্রতিবন্ধী নারীদের মাসিকের সময় যে চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হতে হয় তার মধ্যে মাসিক পণ্যের ঘাটতি অন্যতম। সে জায়গা থেকেই বি-স্ক্যান এই প্রতিযোগিতার আয়োজনের চিন্তা করে।

শুভেচ্ছা বক্তব্যে বি-স্ক্যানের পরিচালক ইফতেখার মাহমুদ বলেন, প্রতিবন্ধী নারীদের মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনায় উদ্ভাবনী চিন্তা ও বাস্তবভিত্তিক সমাধানই এ প্রতিযোগিতার মূল লক্ষ্য। ওয়াটারএইড এর সহায়তায় ২০১৬ সালে বি-স্ক্যান প্রথমবারের মতো প্রতিবন্ধী নারীদের জন্য এমএইচএম ডে উদযাপন শুরু করে। দশ বছর পর তাদের সহায়তাতেই এই প্রতিযোগিতা আয়োজিত হয়েছে। এটি একটি বড় অগ্রগতি।

চুক্তি (9)

এনভায়রনমেন্টাল হেলথ অ্যান্ড ওয়াশের লিড ও প্রজেক্ট কোঅর্ডিনেটর ডা. মাহবুবুর রহমান বলেন, স্বাস্থ্যসম্মত মাসিক ব্যবস্থাপনা নিয়ে কাজ করার অনেক ক্ষেত্র রয়েছে। সেজন্য দরকার সুষ্ঠু পরিকল্পনা ও কর্মসূচি। প্রান্তিক নারীদের জন্য দরকার সাশ্রয়ী মূল্যে পণ্য পৌঁছে দেয়া। এজন্য এমএইচএম প্লাটফর্ম সরকারি-বেসরকারি অংশীজনদেরকে নিয়ে কাজ করছে।

বি-স্ক্যানসহ যেসব প্রতিষ্ঠান প্রতিবন্ধী নারীদের কল্যাণে কাজ করে, ওয়াটারএইড সবসময় তাদের পাশে রয়েছে, ভবিষ্যতেও থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংস্থাটির বাংলাদেশের প্রোগ্রামস অ্যান্ড পলিসি অ্যাডভোকেসি পরিচালক পার্থ হেফাজ সেখ।

ভবিষ্যতে এমএইচএম দিবস উদযাপন ও সংশ্লিষ্ট কার্যক্রমে পরিবার পরিকল্পনা অধিদপ্তর প্রয়োজনীয় সকল প্রকার লজিস্টিক সহায়তা প্রদান করবে বলে আশ্বাস দেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের লাইন ডিরেক্টর ডা. সোহেল হাবীব। চূড়ান্তভাবে নির্বাচিত পণ্যটি পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মাধ্যমে সারা দেশে বিতরণের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন তিনি। —বিজ্ঞপ্তি