নারী উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি ও নিরাপত্তা নিশ্চিত করতে আইপিডিসি ‘জয়ী ৩৬০’ রাজধানীর মিরপুর শাখায় একটি বিশেষ ট্রেনিং সেশন আয়োজন করেছে। এই সেশনে ডিজিটাল মার্কেটিং ও সেলফ-ডিফেন্স বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়। এতে উদ্যোক্তাদের ব্যবসায়িক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি আত্মরক্ষার প্রয়োজনীয় কৌশল শেখানো হয়।
ডিজিটাল মার্কেটিং সেশন পরিচালনা করেন জল-রঙয়ের নাহিদ সুলতানা। তিনি অনলাইন প্ল্যাটফর্মের সঠিক ব্যবহার, সৃজনশীল কৌশল ও ব্যবসা সম্প্রসারণের নানা দিক তুলে ধরেন। সেলফ-ডিফেন্স প্রশিক্ষণ পরিচালনা করেন লিগেসি এমএমএ কমব্যাট জিমের কর্ণধার ও হেড কোচ সাদমান সাকিফ। তিনি নারীদের শারীরিক ও মানসিকভাবে আত্মবিশ্বাসী হতে পরামর্শ দেন এবং আত্মরক্ষার কৌশল শেখান।
অনুষ্ঠানে আইপিডিসি ফাইন্যান্স পিএলসির মিরপুর শাখার ম্যানেজার মো. মামুনুর রহমান ও নারী উদ্যোক্তা উন্নয়ন বিশেষজ্ঞ মৌটুসি হিনা হান্নান উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ বিষয়ে নাহিদ সুলতানা বলেন, বর্তমানে উদ্যোক্তাদের জন্য ডিজিটাল মার্কেটিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন নারী উদ্যোক্তা হিসেবে আমি জানি সফল হতে কী ধরনের চ্যালেঞ্জ আসে এবং তা মোকাবেলায় কী ধরনের দক্ষতা প্রয়োজন। এই সেশন উদ্যোক্তাদের ব্র্যান্ড গড়তে ও ব্যবসা বাড়াতে সহায়তা করবে।
সেলফ-ডিফেন্স সেশনে অংশ নেয়া লি ট্রেডিংয়ের প্রতিষ্ঠাতা আঞ্জুমন আরা বলেন, সেলফ-ডিফেন্স বিলাসিতা নয়, বরং এটি নারীদের জন্য অপরিহার্য। এই সেশন আমাকে আত্মরক্ষার বাস্তব দক্ষতা অর্জনে সাহায্য করেছে এবং আমি আরও আত্মবিশ্বাসী অনুভব করছি। —বিজ্ঞপ্তি










