শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির বার্ষিক ঝুঁকি ব্যবস্থাপনা সম্মেলন শনিবার (৩০ নভেম্বর) হাইব্রিড প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দীন আহমেদের সভাপতিত্বে আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের অফ-সাইট সুপারভিশন ডিপার্টমেন্টের পরিচালক আ ন ম মঈনুল কবীর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস চেয়ারম্যান ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির সদস্য মোহাম্মদ ইউনুছ, নির্বাহী কমিটির চেয়ারম্যান আক্কাচ উদ্দিন মোল্লা এবং পরিচালক মো. সানাউল্লাহ সাহিদ। এছাড়াও বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোছা. নাজমিন নাহার সম্মেলনে অংশগ্রহণ করেন এবং গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

সম্মেলনে বক্তারা ব্যাংকের সামগ্রিক ঝুঁকি পর্যালোচনা, ঝুঁকি ব্যবস্থাপনার কাঠামো, ঝুঁকি প্রশমন পদ্ধতি, মূলধন ব্যবস্থাপনা, বিনিয়োগ ঝুঁকি এবং মানি লন্ডারিং সম্পর্কিত ঝুঁকি মোকাবেলায় করণীয় বিষয়ে আলোচনা করেন। পাশাপাশি ভবিষ্যতে ঝুঁকি মোকাবেলায় পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয় দিকগুলো তুলে ধরেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের ইভিপি মোহাম্মদ আবু ছায়েম।

সম্মেলনে উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ ও এম আখতার হোসেন, উপব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ ইউ আহমেদ ও এম এম সাইফুল ইসলামসহ প্রধান কার্যালয়ের নির্বাহীরা এবং বিভিন্ন বিভাগের প্রধানরা। এছাড়া ব্যাংকের ১৪০টি শাখা ও ৪টি উপশাখার ব্যবস্থাপকসহ মোট ৯০০ এরও বেশি কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

সম্মেলনটি ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা কার্যক্রমকে আরো কার্যকর করতে এবং ঝুঁকি মোকাবেলায় প্রস্তুতি জোরদার করতে আয়োজন করা হয়। —বিজ্ঞপ্তি