মোংলা বন্দর কর্তৃপক্ষের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বসুন্ধরা গ্রুপের দুটি প্রতিষ্ঠান টগি শিপিং অ্যান্ড লজিস্টিকস লিমিটেড (টিএসএলএল) এবং বসুন্ধরা মাল্টি ট্রেডিং লিমিটেডকে (বিএমটিএল) সম্মাননা দেয়া হয়েছে।

রোববার (১ ডিসেম্বর) মোংলা বন্দরের স্টাফিং অ্যান্ড আনস্টাফিং শেডে আয়োজিত এক সভায় বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহীন রহমান টগি শিপিং অ্যান্ড লজিস্টিকস লিমিটেডের হেড অব শিপ অপারেশন অ্যান্ড এজেন্সি ক্যাপ্টেন মো. মাহবুবুল আলমের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

২০২৩-২৪ অর্থবছরে টগি শিপিং অ্যান্ড লজিস্টিকস লিমিটেড মোংলা বন্দরে প্রায় ৫০টি মাদার ভ্যাসেল পরিচালনা করেছে। এ কার্যক্রম থেকে প্রতিষ্ঠানটি বন্দর কর্তৃপক্ষকে ১৩ কোটি টাকার রাজস্ব দিয়েছে।

অন্যদিকে বসুন্ধরা মাল্টি ট্রেডিং লিমিটেড সর্বাধিক কয়লা আমদানির জন্য সেরা আমদানিকারক প্রতিষ্ঠানের পুরস্কার অর্জন করেছে। এ কার্যক্রমের মাধ্যমে বন্দর কর্তৃপক্ষকে প্রতিষ্ঠানটি আরো ১৩ কোটি টাকার রাজস্ব দিয়েছে।

টগি শিপিং এবং বসুন্ধরা মাল্টি ট্রেডিং পরপর দ্বিতীয়বার মোংলা বন্দরের এ সম্মাননা অর্জন করল।

ক্যাপ্টেন মো. মাহবুবুল আলম বলেন, বসুন্ধরা গ্রুপের ধারাবাহিক সাফল্য এবং দেশের উন্নয়নে অবদান রাখতে পেরে আমরা গর্বিত। ২০১৬ সালে যাত্রা শুরুর পর থেকে আমরা দ্রুত অগ্রসরমান দুটি ব্যবসায়িক শাখা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছি।

সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) ক্যাপ্টেন মোহাম্মদ কিবরিয়া হক, সদস্য (অর্থ, যুগ্মসচিব) কাজী আবেদ হোসেন, সদস্য (প্রকৌশল ও উন্নয়ন, যুগ্মসচিব) ড. এ কে এম আনিসুর রহমান এবং বাগেরহাটের পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উল্লেখ্য, ১৯৫০ সালের ১ ডিসেম্বর খুলনার চালনা এলাকায় মোংলা বন্দর প্রতিষ্ঠিত হয়। পরে ১৯৫৩ সালে ভৌগোলিক সুবিধার কারণে কার্যক্রম স্থানান্তরিত হয় বাগেরহাটের মোংলায়। টগি শিপিং ও বসুন্ধরা মাল্টি ট্রেডিং ছাড়াও মোংলা বন্দর কর্তৃপক্ষ আরো ২৭টি প্রতিষ্ঠানকে একই দিনে সম্মাননা দিয়েছে। —বিজ্ঞপ্তি