ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণে অর্থনৈতিক কূটনীতির মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্রদূতদের ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শফিকুর রহমান। তিনি বলেন, ‘হাই-টেক পণ্য উৎপাদনের মাধ্যমে ওয়ালটন দেশের আমদানিনির্ভরতা কমানোর পাশাপাশি বিভিন্ন দেশে পণ্য রফতানি করে বৈদেশিক মুদ্রা অর্জনে ভূমিকা রাখছে।’
সম্প্রতি নেপালের রাজধানী কাঠমান্ডুর পাঁচ তারকা হোটেল দ্য সোলটিতে ওয়ালটন প্লাজার বিশেষ অনুষ্ঠান ‘তুষার যাত্রা’য় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিষ্ঠানটির সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
মো. শফিকুর রহমান বলেন, ‘ওয়ালটন বাংলাদেশে হাই-টেক খাতে কাজ করছে এবং প্রতিষ্ঠানটির উৎপাদিত প্রযুক্তিপণ্যের মান উন্নত। আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর সঙ্গে প্রতিযোগিতা করে বিশ্ববাজারে নিজেদের অবস্থান তৈরি করছে ওয়ালটন, যা বাংলাদেশের জন্য গর্বের।’
আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডগুলোকে আরো ব্যাপকভাবে তুলে ধরার প্রয়োজন রয়েছে উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতরা অর্থনৈতিক কূটনীতির মাধ্যমে দেশীয় ব্র্যান্ডগুলোর আন্তর্জাতিক বাজার সম্প্রসারণে ভূমিকা রাখতে পারেন।’
অনুষ্ঠানে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও ওয়ালটন প্লাজার ম্যানেজিং পার্টনার এসএম মাহবুবুল আলম বলেন, ‘নেপাল ওয়ালটনের জন্য গুরুত্বপূর্ণ একটি বাজার। বাংলাদেশের মতো নেপালের মানুষের কাছেও আন্তর্জাতিক মানের প্রযুক্তিপণ্য সাশ্রয়ী মূল্যে পৌঁছে দিতে কাজ করছে প্রতিষ্ঠানটি।’
নেপালের থাপা বিজনেস গ্রুপের চেয়ারম্যান প্রনীল থাপা, পরিচালক প্রনিমেশ থাপাসহ প্রতিষ্ঠানটির কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়া বক্তব্য দেন ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. রায়হান, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মফিজুর রহমান জাকির এবং ওয়ালটন প্লাজার হেড অব সেলস এমএম নাজমুল হাসান। ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও চিত্রনায়ক আমিন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে নেপাল ট্যুর ভিডিও প্রদর্শন, র্যাফেল ড্র ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।









