জাতিসংঘের মধ্যস্থতায় স্বাক্ষরিত খাদ্যশস্য রফতানি চুক্তি সম্প্রসারণে একমত হয়েছে রাশিয়া ও ইউক্রেন। চুক্তির মেয়াদ আরো ১২০ দিন বাড়ানো হবে বলে ঘোষণা এসেছে। সংকটাপন্ন সময়ে এমন সিদ্ধান্তের প্রশংসা করেছেন বিশ্বনেতারা। খবর ডয়েচে ভেলে।

গতকাল ইউক্রেনের ইনফ্রাস্ট্রাকচারবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ওলেকসান্দোর কুবরাকোভ বলেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে স্বাক্ষরিত কৃষ্ণসাগরীয় খাদ্য চুক্তিটির মেয়াদ আরো ১২০ দিনের জন্য বাড়ানো হলো। চলমান খাদ্য সংকট মোকাবেলায় এটি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ও বিষয়টি নিশ্চিত করেছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, চুক্তির কোনো ধারা পরিবর্তন না করেই এটি সম্প্রসারণ করা হয়েছে।

জাতিসংঘের মহাসচিব এন্তোনিও গুতেরেস এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। এর মাধ্যমে কৃষ্ণসাগরীয় অঞ্চল থেকে খাদ্যশস্য রফতানি আরো গতিশীল হবে বলে মত প্রকাশ করেন তিনি। পাশাপাশি রাশিয়া থেকে শস্য ও সার রফতানিতে বিদ্যমান প্রতিবন্ধকতা নিরসনে পদক্ষেপ নেয়ার বিষয়েও জোর দেন তিনি। 

বিশ্লেষকরা বলছেন, চুক্তি সম্প্রসারণের কারণে খাদ্যশস্যের বৈশ্বিক সরবরাহ সংকট শিথিল হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। বিশেষ করে উন্নয়নশীল ও খাদ্যনিরাপত্তার ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য এ চুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। চুক্তি সম্প্রসারণের কারণে আন্তর্জাতিক বাজারে কৃষিপণ্যের দাম কমার সম্ভাবনা রয়েছে।