ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) ক্রিকেট দলকে সংবর্ধনা জানানো হয়েছে। সোমবার (১৯ মে) বিশ্ববিদ্যালয়ের মহাখালী ক্যাম্পাসে আয়োজিত এক উৎসবমুখর অনুষ্ঠানে এ সংবর্ধনা জানানো হয়।

টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ইউল্যাব ফেয়ার প্লে কাপে রানার্স-আপ হওয়ার গৌরব অর্জনের পর দলটিকে আনুষ্ঠানিকভাবে সম্মান জানায় আইএসইউ।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. আতিকুর রহমান। সভাপতিত্ব করেন আইএসইউর উপাচার্য অধ্যাপক ড. আব্দুল আউয়াল খান।

প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মো. আতিকুর রহমান খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে বলেন, ক্রিকেটারদের অবশ্যই খেলাধুলার পাশাপাশি পড়াশোনাকেও গুরুত্ব দিতে হবে। কারণ পড়াশোনার বিকল্প নেই। আজকের চ্যালেঞ্জিং বিশ্বে টিকে থাকতে হলে অলরাউন্ডার হয়ে নিজেকে গড়ে তুলতে হবে।

উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান বলেন, আইএসইউ শিক্ষার্থীরা শুধু পড়াশোনায় নয়, খেলাধুলা ও সামাজিক কার্যক্রমেও সাফল্য অর্জন করছে। আমাদের প্রতিজ্ঞা করতে হবে—শিক্ষা, খেলা ও সামাজিক দায়বদ্ধতায় আমরা সর্বোচ্চ হবো। এ সময় তিনি টুর্নামেন্টে সাফল্য অর্জন করায় ক্রিকেট দলের খেলোয়াড়, ম্যানেজমেন্ট ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ইউল্যাব আয়োজিত এই টুর্নামেন্টে দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলো অংশ নেয়। এবারের ১৫তম আসরে প্রথমবারের মতো অংশ নিয়েই ফাইনাল খেলেছে আইএসইউ। গ্রুপ পর্বে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (আইইউবি), ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ), ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) ও ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস, এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজিকে (আইইউবিএটি) হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় আইএসইউ। সেমিফাইনালে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিকে (বিইউবিটি) পরাজিত করে ফাইনালে ওঠে তারা।

এই টুর্নামেন্টে আইএসইউর ক্রিকেটার মোহাম্মদ রমজান তিনটি ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ ও পুরো টুর্নামেন্টে ম্যান অব দ্য টুর্নামেন্ট হওয়ার কৃতিত্ব অর্জন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর এইচ. টি. এম. কাদের নেওয়াজ, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. মনজুর মোর্শেদ মাহমুদ এবং প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক মো. আবুল কাশেম। স্বাগত বক্তব্য দেন আইএসইউ ক্রিকেট দলের উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ আলী। বক্তব্য রাখেন দলের ম্যানেজার মুহাম্মদ আবু নাজিম ও অধিনায়ক মাজহারুল ইসলাম।

বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ক্রিকেটারদের হাতে নগদ অর্থ ও অনুপ্রেরণা স্মারক তুলে দেয়া হয়। অনুষ্ঠানে বিভিন্ন প্রোগ্রামের চেয়ারপারসন, শিক্ষক-শিক্ষিকা, প্রশাসনিক কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

—বিজ্ঞপ্তি