বাংলাদেশ সফরে এসেছে দক্ষিণ আফ্রিকার উচ্চ পর্যায়ের একটি ব্যবসায়িক প্রতিনিধি দল। ১১ মার্চ দলটি দেশে এসে পৌঁছেছে। অবস্থান করবে ১৬ মার্চ পর্যন্ত। সাউথ আফ্রিকা ইন্ডিয়ান ওশান রিম বিজনেস ফোরাম ও ব্ল্যাক বিজনেস কাউন্সিলের সমন্বয়ে দলটি গঠিত হয়েছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) যৌথ উদ্যোগে ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকায় আয়োজিত বাণিজ্য ও বিনিয়োগ সম্মেলনের পরিপ্রেক্ষিতে দলটি বাংলাদেশ সফরে এসেছে। গতকাল বিএসইসি ও বিডার উদ্যোগে ওই ব্যবসায়িক প্রতিনিধি দলের সঙ্গে বাংলাদেশের সরকারি সংস্থাগুলোসহ গুরুত্বপূর্ণ ব্যবসায়ী গ্রুপ ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের দিনব্যাপী একটি সভা হয়। সভায় এফবিসিসিআই, বিজিএমইএ, বেসিস, প্রাণ এগ্রো, বিডি থাই অ্যালুমিনিয়াম, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ, জেমিনি সি ফুড, ওয়ালটন, ফেয়ার গ্রুপ, মেঘনা গ্রুপ, বিকেএমইএ, বিবিএস কেবলসসহ আরো অনেক বাণিজ্যিক প্রতিষ্ঠান ও সংগঠন এবং সরকারি সংস্থা অংশ নেয়। —বিজ্ঞপ্তি