পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি রূপালী ব্যাংক পিএলসির অনুমোদিত মূলধন ৭০০ কোটি থেকে বাড়িয়ে ২ হাজার ৫০০ কোটি টাকায় উন্নীত করার সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে ব্যাংকটির অনুমোদিত মূলধন বাড়বে ১ হাজার ৮০০ কোটি টাকা। গতকাল ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
১৯৮৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত রূপালী ব্যাংকের পরিশোধিত মূলধন ৪৬৪ কোটি ৬৯ লাখ ৭০ হাজার ও রিজার্ভে রয়েছে ৫৩২ কোটি ৯৪ লাখ টাকা। ব্যাংকটির মোট শেয়ার সংখ্যা ৪৬ কোটি ৪৬ লাখ ৯৭ হাজার ২০৫। এর মধ্যে ৯০ দশমিক ১৯ শতাংশ সরকারের কাছে, ৩ দশমিক ১৩ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও বাকি ৬ দশমিক ৬৮ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে। সর্বশেষ গতকাল ব্যাংকটির শেয়ারদর দাঁড়িয়েছে ৩৪ টাকা ৭০ পয়সায়। গত এক বছরে শেয়ারটির দর ২৫ টাকা ২০ থেকে ৪৫ টাকা ৫০ পয়সার মধ্যে ওঠানামা করেছে।
অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৩ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) রূপালী ব্যাংকের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৯৩ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২০ পয়সা (পুনর্মূল্যায়িত)। গত ৩০ সেপ্টেম্বর শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৬ টাকা ৯৩ পয়সায়। এদিকে চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ১৩ পয়সা, যা আগের হিসাব বছরের একই সময়ে ছিল ৮ পয়সা (পুনর্মূল্যায়িত)।
সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশের সুপারিশ করেনি ব্যাংকটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ৬১ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৮ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩১ ডিসেম্বর ২০২২ শেষে ব্যাংকটির সমন্বিত এনএভিপিএস দাঁড়ায় ৩৬ টাকা ১০ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ৩৭ টাকা ১৩ পয়সা (পুনর্মূল্যায়িত)।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ২ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে রূপালী ব্যাংক। আগে ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে ব্যাংকটি। আগের হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি ব্যাংকটি। ২০১৮ হিসাব বছরের জন্য ১০ শতাংশ স্টক লভ্যাংশ পেয়েছিলেন ব্যাংকটির শেয়ারহোল্ডাররা। এছড়া ২০১৭ হিসাব বছরের জন্য ২৪ শতাংশ স্টক, ২০১৬ হিসাব বছরের জন্য ১০ শতাংশ স্টক ও ২০১৫ হিসাব বছরের জন্য ১৫ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল ব্যাংকটি।










